জঙ্গি হামলার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন
রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনাসহ সারা দেশে গুপ্তহত্যার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় গতকাল রোববার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালাচ্ছে। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড রুখতে হলে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সভাপতি দিলীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস দের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈয়দ, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল খালেক, পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, আওয়ামী লীগ নেতা জাফর আহমদ, জাপার পটিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ, ইউপি সদস্য রনধীর চক্রবর্তী, চন্দন দাশ প্রমুখ।