জঙ্গি হামলার বিচারে ছাড় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মকে ব্যবহার করে প্রতিটি জঙ্গি হামলা করা হচ্ছে। ২১ আগস্ট, রমনা বটমূলে ও গুলশানে হলি আর্টিজানে হামলা করা হয়েছে। তাই জঙ্গি হামলার বিচারে কোনো ছাড় দেওয়া চলবে না।

গতকাল সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ কথা বলেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি হামলায় শহীদ হন জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনে জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ স্মৃতি মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করে।

আইনসচিব জহিরুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হামলা হয়েছে, সেখানেও ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছে। যারা এ কাজ করছে, তারা ইসলামের শত্রু। এ জঙ্গি হামলার মূলে রয়েছে ব্যক্তিস্বার্থ গোষ্ঠী। মুক্তিযুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিচার বিভাগ এখন স্বাধীন। তারপরও দেখা যায়, জঙ্গি-সংক্রান্ত মামলাগুলো বছরের পর ঝুলে থাকে। ভুলে গেলে হবে না, বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ জঙ্গি হামলায় নিহত হয়েছেন।

আইনসচিব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগের জন্য অনেক কিছু করেছেন। এখনো করছেন। তিনি বলেন, আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের পরামর্শক্রমেই কাজ করে চলেছে। একা কোনো সিদ্ধান্ত নেয় না।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, বিচারক হত্যা, গুলশানের হলি আর্টিজান এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা—সব একই সুতায় গাঁথা।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুর ইসলাম বলেন, এ বছর হলি আর্টিজান ও শোলাকিয়া জঙ্গি হামলা হয়েছে। তিনি জঙ্গি হামলার মামলা দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান।
মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অধীন বিচারকদের অগ্রাধিকার ভিত্তিতে জঙ্গিবিষয়ক মামলার বিচার পরিচালনা করার নির্দেশ দেন।

বিশেষ জজ আবু আহমেদ জমাদার বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে গেলে চলবে না। জঙ্গিদের বোমা হামলায় নিহত জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদের স্মৃতিচারণা করলেই হবে না। জঙ্গিদের মামলার বিচারকাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার সৈয়দ আবু দিলজার হোসেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. শাহজাহান, উপসচিব মাহবুবার রহমান, মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান প্রমুখ।