নতুন বছরের আগে দিয়ে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কড়া সতর্কতা অবলম্বন করতে বলেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। গত বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে একটি বার্তায় এ সতর্কতা জারি করা হয়। তবে ঢাকার পুলিশ বলছে, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।
সতর্কবার্তায় বলা হয়, এই ছুটির মৌসুমে মার্কিন নাগরিকদের কঠোর সতর্কতা অবলম্বন করা ও স্থানীয় নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত। বাংলাদেশে জঙ্গিদের নাশকতার আশঙ্কা রয়েই গেছে। গত ১০ জুলাই জারি করা ভ্রমণবিষয়ক সতর্কতা এখনো বলবৎ রয়েছে এবং এ সতর্কতা এখনো বিশ্বাসযোগ্যতা হারায়নি। খ্রিষ্টীয় নতুন বছরের আগে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতাগুলো সম্পর্কে জানতে বলা হচ্ছে। একই সঙ্গে চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে, ভিড় এড়িয়ে চলতে ও যেসব জায়গায় পশ্চিমা নাগরিকদের সহজেই চিহ্নিত করা যায় তা এড়িয়ে চলতে বলা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা সতর্ক রয়েছি।’