জঙ্গি হামলায় গভীর উদ্বেগ সম্পাদক পরিষদের
গুলশানের রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গতকাল বুধবার দেওয়া এক বিবৃতিতে বর্তমান সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেয় পরিষদ।
গতকাল দ্য ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
সম্পাদক পরিষদের সভায় গৃহীত বিবৃতিতে বলা হয়, ‘সম্পাদক পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, একটি প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক অপশক্তি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের সুগভীর চক্রান্তে লিপ্ত। চরম নৃশংসতায় নিরীহ মানুষ হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বহির্বিশ্বে ভুল বার্তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
গুলশানে বিদেশি নাগরিকসহ ২০ জন ও ২ জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ঈদের দিন শোলাকিয়ায় নিহত হয়েছেন ৪ জন। সম্পাদক পরিষদ এই কথা উল্লেখ করে তাঁদের সবার স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
পরিষদ বলেছে, ‘এই গভীর সংকট থেকে উত্তরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বাড়াতে হবে। সংকট মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।’
গতকালের সভায় উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সংবাদ সম্পাদক (ভারপ্রাপ্ত) খন্দকার মুনিরুজ্জামান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। —বিজ্ঞপ্তি।