জঙ্গি হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক জঙ্গি হামলায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসেম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামীকাল থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে দুই দিনের এ সম্মেলন শুরু হচ্ছে। এতে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে মঙ্গোলিয়ায় যাচ্ছেন।
জঙ্গি হামলা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘আমি মনে করি না কোনোভাবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে। এটি সেই সমস্যারই অংশ। যেভাবে হামলা হয়েছে, বিশেষ কোনো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই। তবে এই অপশক্তিকে পরাজিত ও প্রতিহত করতে হবে। সব বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশকে সমর্থন দিয়েছে। যেভাবে গুলশান ও শোলাকিয়ার ঘটনা আমরা মোকাবিলা করেছি, মনে হয় পৃথিবীর কোনো দেশ এভাবে করতে পারেনি। এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শোককে আমরা শক্তিতে পরিণত করেছি। পৃথিবীর যেখানে এ নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ রয়েছে, সেখানেই বাংলাদেশ অংশগ্রহণ করছে।’ বাংলাদেশের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালোভাবে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট বিবৃতি দিয়েছেন। জাইকার আহত প্রকৌশলী আবার বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়েছেন। জাপানের নিহত সাত নাগরিকের পরিবারের সদস্যরা বাংলাদেশকে দেখতে আসবেন বলে জানিয়েছেন।
সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যথাসময়ে জানতে পারবেন। আমরা তো অবশ্যই বন্ধুরাষ্ট্রের সহযোগিতা নিতে চাই। সম্ভাব্য কারিগরি ও প্রশিক্ষণের যে সুযোগগুলো আছে, তা জাতীয় স্বার্থে এবং আমাদের প্রয়োজনের স্বার্থে যেটা ভালো হয়, সেটা বিবেচনা করেই নেব।’ মন্ত্রী জানান, আসেম শীর্ষ সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী, ইতালির পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী আলাদাভাবে বৈঠক করবেন।
আসেম শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হবে কি না—এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে অবশ্যই আলোচনা হবে। সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সন্ত্রাসবাদ দমন নিয়ে বিশেষ আলোচনার উদ্যোগ নিয়েছেন। আলোচনায় যৌথভাবে সভাপতিত্ব করার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।