জঙ্গি হামলায় শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন
মৌলবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা। পাকিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি সুনীল ধরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, সচেতন নাগরিক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, নাট্যব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজি, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, কবি ও সাংবাদিক কামরুল হাসান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি প্রবাল দে, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আশীষ সেন, প্রমা আবৃত্তি সংগঠনের রাশেদ হাসান প্রমুখ।
শিশুদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলা শাখাও গতকাল মানববন্ধন করেছে। চেরাগী পাহাড়ের মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন খেলাঘরের সহসভাপতি এরশাদ হোসেন, প্রোগ্রেসিভ ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সুশান্ত বড়ুয়া, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক ইন্দ্রানী ভট্টাচার্য, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি তাজনাহার রিপন প্রমুখ।