জঙ্গি হামলায় মানুষ হত্যার প্রতিবাদে গতকাল সোমবার রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা প্রশাসন ও নাট্য সংগঠন এর আয়োজন করে। সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে জঙ্গিগোষ্ঠীকে নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেতপট্টি এলাকায় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিজানুর রহমান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এর আগে বেলা ১১টার দিকে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি’ স্লোগানে রংপুর টাউন হলের সামনে মানববন্ধন ও গণসংগীত কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাট্য সংগঠন নাট্যকেন্দ্র এর আয়োজন করে।
দিনাজপুর: বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ জেলা শহরের গণেশতলায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব সভাপতিত্ব করেন। এতে সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সময় এসেছে জঙ্গিবাদী অপশক্তির বিরুদ্ধে একজোট হওয়ার। প্রতিটি পাড়া-মহল্লায় জঙ্গিবিরোধী কমিটি গঠন করে এ মৌলবাদী গোষ্ঠীকে চিরতরে নির্মূল করতে হবে।
গাইবান্ধা: দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরে মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে ধর্মীয় উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতা নির্মূল করতে হবে।
নীলফামারী: বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী সভাপতিত্ব করেন।