জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ, মামলা দায়ের
রাজধানীর গোপীবাগে একই বাসায় বাবা-ছেলেসহ ছয়জনকে হত্যার ঘটনায় জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করছে পরিবার। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডে চারতলা একটি বাড়ির দোতলায় ছয়জনকে জবাই করে হত্যা করা হয়।
নিহত ছয়জন হলেন লুত্ফর রহমান (৬০), তাঁর ছেলে সরোয়ার ইসলাম (৩০)। লুত্ফরের খাদেম মনজুর আলম এবং ভক্ত মজিবুল সরকার, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ রাসেল। তাঁদের বয়স ২১ থেকে ৩৫-এর মধ্যে।
নিহতদের লাশের আলামত সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে গতকাল দিবাগত রাত দুইটা পর্যন্ত সময় লেগে যায় পুলিশের। এর আগে লুত্ফরের স্বজনদের সঙ্গে কথা বলা যায়নি।
লুত্ফর রহমানের পরিবারের দাবি, তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতেন। এর আগেও বিভিন্ন সময় জঙ্গিগোষ্ঠী তাঁর ও পরিবারের ওপর হামলা চালিয়েছিল। নিজেকে ইমাম মাহাদীর সেনাপতি পরিচয় দিয়ে লুত্ফর রহমান জঙ্গিবাদবিরোধী মতাদর্শ প্রচার করতেন।
ঘটনার বিষয়ে নিহত লুত্ফরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক বাদী হয়ে ওয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার কার্যক্রম শেষ করতে আজ রোববার ভোর পর্যন্ত সময় লেগে যায়।
ওয়ারী থানার উপপরিদর্শক আবু তাহের প্রথম আলো ডটকমকে বলেন, ‘অজ্ঞাতনামা ১০-১১ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে। মামলা নম্বর ১৪। গতকাল রাত ১১টায় মামলাটি থানায় লিপিবদ্ধ করা হয়।’
রাত তিনটার দিকে ওয়ারী থানায় লুত্ফরের ছোট ছেলে ব্যাংক কর্মকর্তা আবদুল্লাহ আল ফারুক প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, ‘আমরা আগে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় থাকতাম। সাত-আট বছর আগে আমার বাবা ও বড় ভাইয়ের ওপর হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। তখনই আমরা জানতে পেরেছিলাম মুফতি হান্নানের অনুসারীরা এ হামলা চালিয়েছিল। এর পরও বিভিন্ন সময়ে আমার বাবা ও আমাদের ওপরে হামলা ও হামলার চেষ্টা হয়েছিল। তারই ধারাবাহিকতায় কোনো জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করছি।’
এ হামলা কেন—জানতে চাইলে আবদুল্লাহ আরও দাবি করেন, ‘১৯৯৭ সাল থেকে আমার বাবা নিজেকে ইমাম মাহাদীর সেনাপতি দাবি করে আসছিলেন। তিনি প্রচলিত পীরদের মতাদর্শ ও উগ্র মৌলবাদ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতেন এবং লেখালেখিও করতেন।’
লুত্ফর রহমানের ভিজিটিং কার্ডে দেখা গেছে, সেখানে লেখা আছে ‘কমান্ডার ইন চিফ অব ইমাম মাহাদী অ্যান্ড স্যাভিউর অব দ্য ওয়ার্ল্ড’। হিজবুল মাহাদী নামের একটি ওয়েবসাইটের ঠিকানাও ওই ভিজিটিং কার্ডে লেখা আছে। তাঁর বাসায় নিজের লেখা একটি বই পাওয়া গেছে, যাতে ইমাম মাহাদী, দজ্জাল সম্পর্কে বিভিন্ন বিষয়ে বিস্তারিত লিখেছেন তিনি। ওই বইতে দেখা গেছে, তিনি মুফতি ফজলুল হক আমিনী ও দেলাওয়ার হোসাইন সাঈদী এঁদের বিরুদ্ধেও লেখালেখি করেছেন। এ ছাড়া বইটিতে কয়েকটি ইসলামি সংগঠনের সমালোচনাও করেছেন লুত্ফর।
লুত্ফরের স্ত্রী সালমা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘হত্যাকারীরা বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে গেছে। তবে হত্যা ও হত্যাকারীদের কথাবার্তায় মনে হচ্ছে এটি ডাকাতি নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’