দেশে বিভিন্ন সময়ে সক্রিয় ছিল পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার ও ভারতভিত্তিক জঙ্গিরা
জঙ্গিগোষ্ঠীর বিষয়ে নজরদারি বৃদ্ধি
আল-কায়েদাপ্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত বার্তা ইন্টারনেটে প্রচারের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন জঙ্গি সংগঠগুলোর ব্যাপারে নতুন করে খোঁজখবর শুরু করছে। বিশেষ করে বিদেশি যেসব জঙ্গিগোষ্ঠী বিভিন্ন সময়ে এ দেশে সক্রিয় ছিল, তাদের বিষয়ে বাড়তি মনোযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমারসহ বিভিন্ন দেশের কোনো না-কোনো জঙ্গি সংগঠন বিভিন্ন সময়ে এ দেশে তৎপর ছিল। এর মধ্যে বিগত শতাব্দীর আশির দশকের শেষ দিক থেকে পরবর্তী সময়ে দীর্ঘদিন ভারত ও পাকিস্তানভিত্তিক উগ্রপন্থী সংগঠন লস্কর-ই-তাইয়েবা, আসিফ রেজা কমান্ডো ফোর্স, হরকাতুল মুজাহিদীন, হরকাতুল জিহাদের (হুজি) নেতাদের এ দেশে যাতায়াত ও তৎপরতা ছিল।
এসব বিদেশি সংগঠনের সঙ্গে যে বিভিন্ন সময়ে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর পারস্পরিক সহযোগিতার সম্পর্ক ছিল, সে তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে প্রকাশ পেয়েছে।
আফগান-পাকিস্তানকেন্দ্রিক যোগসূত্র: গত শতকের আশির দশকে আফগানিস্তানে তৎকালীন সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি মুজাহিদদের সঙ্গে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠীর গভীর সম্পর্ক গড়ে ওঠে ওই সময়কালে। পরবর্তী সময়ে আফগান-ফেরত বাংলাদেশি মুজাহিদরা এ দেশে হুজিকে সংগঠিত করে। ১৯৯২ সালে ঢাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে। ১৯৯৯ সালে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা থেকে শুরু করে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা পর্যন্ত বেশ কয়েকটি বোমা-গ্রেনেড হামলায় হুজি জড়িত থাকার কথা তদন্তে বেরিয়ে এসেছে। সংগঠনটির শীর্ষস্থানীয় প্রায় সব নেতা দীর্ঘদিন ধরে কারাবন্দী।
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমান ২০০৫ সালে গ্রেপ্তার হওয়ার পর দেওয়া জবানবন্দিতে বলেছেন, তিনি লস্কর-ই-তাইয়েবার নেতা আবদুল করিম টুণ্ডার মাধ্যমে একাধিকবার পাকিস্তান যান এবং প্রশিক্ষণ নেন। টুণ্ডাও নব্বইয়ের দশকে ঢাকার যাত্রাবাড়ীতে ছিলেন।
আর মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে শুরু থেকেই বাংলাদেশি জঙ্গিদের সম্পর্ক ছিল। মূলত হুজির মাধ্যমেই রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠী সংগঠিত হয়। পরে রোহিঙ্গা সলিডারিটি অর্গাইজেশনসহ (আরএসও) বিভিন্ন নামে তৎপর ছিল।
ভারতীয় উগ্রপন্থীদের তৎপরতা: ২০০৯ সালে মাদারীপুর ও ঢাকা থেকে ভারতীয় জঙ্গি সংগঠন আসিফ রেজা কমান্ডো ফোর্সের দুই সদস্য শেখ ওবায়দুল্লাহ ও মনসুর আলী গ্রেপ্তার হওয়ার পর সংগঠটির এ দেশে সক্রিয়তা প্রকাশ। সংগঠনটি মূলত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবর হয়ে কাজ করে। আফগানিস্তানে বিভিন্ন সমরাস্ত্রের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ওবায়দুল্লাহ ও মনসুর আলী আটকের পর ঢাকায় ডিবি কার্যালয়ে সাংবাদিকের বলেছিলেন, তাঁরা ১৪ বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন।
তখন এ বিষয়ে ডিবির তৎকালীন উপকমিশনার (যুগ্ম কমিশনার) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, জঙ্গি ওবায়দুল্লাহ ও মনসুর আলীর দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে দাউদ ইব্রাহীম চক্র, লস্কর-ই-তাইয়েবা, ভারতীয় মুজাহিদিন, আসিফ রেজা কমান্ডো ফোর্স পরস্পরের সঙ্গে সম্পৃক্ত এবং এ দেশে তৎপর। এসব সংগঠনের উচ্চপর্যায়ের নেতারা বিভিন্ন সময়ে ঢাকায় এসে এ দেশের জঙ্গিদের সঙ্গে বৈঠক করেছেন।
ডিবি সূত্র জানায়, ওবায়দুল্লাহ ও মনসুর আলী রিমান্ডে বলেন, তাঁদের সঙ্গে বাংলাদেশের হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান, মুফতি আবদুর রউফ, মুফতি আবদুল হাই, আবু জিহাদ, মাওলানা তাজউদ্দিনের যোগাযোগ ছিল। এ ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত হুজির দুই সদস্য মুরসালিন ও মুত্তাকিনকে ভালোভাবে চেনেন। এই দুই ভাই ২০০৬ সালে ভারতের নয়াদিল্লিতে অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেপ্তার হয়ে তিহার কারাগারে আছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, মুরসালিন ও মুত্তাকিন দিল্লি পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে বলেছেন, তাঁদের সংগঠন হুজির সঙ্গে ভারতের লস্কর-ই-তাইয়েবার নেতা গোলাম ইয়াজদানি ওরফে ইয়াহিহয়া, খুররম ও মোজাম্মেলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। খুররম ও মোজাম্মেল ২০০৫ সালে পাকিস্তান থেকে ঢাকায় এসে হুজির সঙ্গে বৈঠক করেন।
যুক্তরাজ্যভিত্তিক যোগাযোগ: লন্ডনে পাতাল রেল ও বাসস্টেশনে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালের ১ ডিসেম্বর বাংলাদেশের গোয়েন্দারা সিলেটের গোলাপগঞ্জ থেকে জামিল রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে আটক করেন। তিনি লন্ডনে বোমা হামলার পর এ দেশে পালিয়ে আসেন। তাঁকে ঢাকায় গোয়েন্দা দপ্তরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। ছাড়া পেয়ে জামিল ২০০৮ সালের মে মাসে যুক্তরাজ্যে ফিরে সে দেশের আদালতে মামলা করে অভিযোগ তোলেন, ব্রিটিশ গোয়েন্দাদের উপস্থিতিতে তাঁকে বাংলাদেশি গোয়েন্দারা নির্যাতন করে লন্ডনে বোমা হামলায় জড়িত বলে স্বীকারোক্তি আদায় করেছেন। (সূত্র: দ্য গার্ডিয়ান, ২৬ মে, ২০০৯)।
২০০৭ সালের ডিসেম্বরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে হুজি যুক্তরাজ্য শাখার আমির গোলাম মোস্তফাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। তিনি সাবেক আফগান মুজাহিদ ও ব্রিটিশ নাগরিক।
শায়খ আবদুর রহমানের জবানবন্দি অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘আল মুহাজেরুন’-এর সঙ্গে জেএমবির সম্পর্ক ছিল।
এ ছাড়া নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরও এ দেশে পরিচালিত হয় বলে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে।
জঙ্গি দমন-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ দেশে তৎপর প্রায় সব জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতাসহ বেশির ভাগ সদস্য গ্রেপ্তার আছেন। ইন্টারনেটে আল-কায়েদা নেতা জাওয়াহিরির সর্বশেষ বার্তা প্রকাশের পর জঙ্গিরা যাতে আবার সংগঠিত হতে না পারে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ গতকাল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ যথাযথ দেশ নয়। জঙ্গিদের যেকোনো কর্মকাণ্ডের অপচেষ্টা অতীতের মতো জনগণ রুখে দেবে। বাংলাদেশে আল-কায়েদার কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।