জঙ্গিদের আইনের আওতায় আনতে চাই: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ জঙ্গিদের মারতে চায় না। বরং আইনের আওতায় আনতে চায়। কিন্তু জঙ্গিরা গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিতে হয়। তাতেই অনেক জঙ্গি নিহত হয়েছে।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এ সমাবেশের আয়োজন করে।
বর্তমান পুলিশ ঔপনিবেশিক আমলের নয়, মন্তব্য করে শহীদুল হক বলেন, পুলিশকে জনগণের বন্ধু হতে আস্থা অর্জন করতে হবে। এর জন্য সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে বিভিন্ন পর্যায়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। জঙ্গিদের উৎস ও রহস্য বেশির ভাগ ক্ষেত্রেই উদ্ঘাটন করা হয়েছে দাবি করে আইজিপি বলেন, শুধু পুলিশ বা আদালতের ওপর নির্ভর করে মাদক, জঙ্গিবাদ বা অপরাধ প্রতিরোধ সম্ভব নয়।
সমাবেশে বিশেষ অতিথি পুলিশের রংপুর অঞ্চলের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশ বাহিনীর যে অংশ মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে তাদের চিহ্নিত করতে হবে। যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য কমিউনিটি পুলিশিংয়ের কাজে ভূমিকা রাখবেন না, কোনো থানায় তাঁদের পদায়ন করা হবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক এ এফ এম শহীদুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে দিনাজপুরের ১৩টি উপজেলার ১৭৬ জন মাদকবিক্রেতাকে স্বাবলম্বী করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি প্রদান করেন আইজিপি। এর আগে সকালে নবনির্মিত পুলহাট পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনসের নারী পুলিশ ব্যারাক উদ্বোধন করেন তিনি।