জঙ্গিদের আবার কিসের মানবাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, অনেকে জঙ্গিদের মানবাধিকারের কথা বলেন। জঙ্গিদের আবার কিসের মানবাধিকার। আগে দেশকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে। তারপর রাজনীতি। সব বিষয়ে বিরোধিতা করলে হবে না।
গতকাল শনিবার সকালে রাজশাহী পুলিশ লাইনে রাজশাহী মহানগর পুলিশের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘কল্যাণপুর ও নারায়ণগঞ্জে আমরা জঙ্গিদের অনেক সময় দিয়েছি। কিন্তু তারা আত্মসমর্থন করেনি। উল্টো পুলিশকে বোমা মেরেছে, গুলি মেরেছে।’ তিনি আরও বলেন, ‘জঙ্গিদের গ্রেপ্তার করা সহজ বিষয় না। তারা আত্মঘাতী। তারা মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে।’
আইজিপি আরও বলেন, জঙ্গিদের কাছে বোমা আছে, আগ্নেয়াস্ত্র আছে, ধারালো অস্ত্র আছে। তাদের আদর দিয়ে তো গ্রেপ্তার করা যায় না।
বাংলাদেশের পুলিশের সাফল্য পৃথিবীতে রোল মডেল হিসেবে নেওয়া যেতে পারে উল্লেখ করে আইজিপি বলেন, যাঁরা পুলিশের সাফল্য সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক।