
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের ইতিমধ্যে দুর্বল করে দেওয়া হয়েছে। জঙ্গি দমনে পুলিশের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপারের নতুন কার্যালয় ও পুলিশের অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সিসি ক্যামেরা নেটওয়ার্ক ও মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সরকার ও প্রশাসন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ সব ষড়যন্ত্র মোকাবিলা করছে। মিডিয়া সেন্টার করার উদ্যোগের প্রশংসা করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের সবকিছু ইতিবাচকভাবে দেখা উচিত।
স্বাগত বক্তব্যে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত মোট ৬৫ কিলোমিটার সড়কে উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মহাসড়কের কয়েকটি অংশে ক্যামেরা লাগানো হয়েছে। শহরেও ক্যামেরা লাগানোর কাজ চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।