জঙ্গিদের ইন্ধনে আমার ওপর হামলা: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার ঠেকাতে জঙ্গিবাদী জামায়াত, হেফাজত ও তাদের দোসর বিএনপি বিপজ্জনক হয়ে উঠেছে। তাঁর ওপর হামলার পেছনে এদের ইন্ধন থাকতে পারে।
যুক্তরাজ্য সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। সোমবার রাতে লন্ডনে এটিএন বাংলার স্টুডিওতে অজ্ঞাত দুই যুবকের হামলাচেষ্টার ঘটনাকে ‘রাজনৈতিক আক্রমণ’ হিসেবে উল্লেখ করে ইনু বলেন, ‘জামায়াত, জঙ্গিবাদ, তেঁতুল হুজুর ও তাঁদের দোসর বিএনপি—এই চক্রটি এ হামলা চালিয়েছে বলে আমি মনে করি। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে কণ্ঠ রোধ করা যাবে না। সন্ত্রাসী গোষ্ঠীকে দমানোর জন্য সরকার যে নীতি নিয়েছে, তা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা। কারণ, লন্ডনে আমার কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রু নেই।’ তথ্যমন্ত্রী লন্ডনের ওই ঘটনা গণমাধ্যমের ওপরও হামলা বলে উল্লেখ করেন।