জঙ্গিদের উসকানিদাতা চিহ্নিত করা হবে: আইজিপি
কোনো মসজিদে কেউ জঙ্গিবাদকে সমর্থন করে বক্তব্য দিলে, যারা কৌশলে জঙ্গিবাদকে উসকায়, তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, যারা ইসলামের দর্শনকে বিকৃত করে জননিরাপত্তার হুমকি তৈরি করছে, বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে তা বন্ধ করতে হবে।
গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরে ‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক মতবিনিয়ম সভায় পুলিশ-প্রধান শহীদুল হক এসব কথা বলেন। রাজধানীতে পুলিশ সদর দপ্তরের মিলনায়তনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মসজিদ ও মাদ্রাসার খতিব, শিক্ষক এবং ওলামা লীগের নেতা-কর্মীরা। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই আলোচনা সভা চলে।
আলোচনা সভায় আইজিপি শহীদুল হক বলেন, ইসলামবিরোধী প্রচারের মোকাবিলায় ওলামাদের উপযুক্ত জবাব দিতে হবে। যারা জঙ্গিবাদ ও ইসলামকে ধ্বংস করার পাঁয়তারা করছে, ওলামাদের তাদের বিরুদ্ধে ওয়াজে বয়ান দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, যেসব কারণে জঙ্গিবাদে উসকানি দেওয়া হয়, সেগুলো পর্যবেক্ষণ করে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
উপস্থিত ওলামাদের দাবির পরিপ্রেক্ষিতে আইজিপি বলেন, পিস টিভি ওলামাদের কেন বন্ধ করতে হবে? পিস টিভি যদি ইসলামের সঙ্গে কোনো কনফ্লিট তৈরি থাকে, এমন কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে তথ্যমন্ত্রীকে জানাতে বলেন।
বাংলাদেশ পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়েছে। তারা অনেক মামলার আসামি। এক জেলা থেকে অন্য জেলায় তাদের বহন করা ঝুঁকিপূর্ণ। সব মামলায় তারা আপিল করেছে। সুপ্রিম কোর্ট কয়েকটি মামলায় তাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। পুলিশের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মামলাগুলোর রায় দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, ওলামা-মাশায়েখরা মানুষকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে সহায়তা করতে পারেন। তিনি বলেন, সভার সুপারিশগুলো নীতিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় রাজধানীর কমলাপুর কেন্দ্রীয় মসজিদের খতিব খাজা মো. আরিফুর রহমান বলেন, জঙ্গি ও খারেজিদের চরিত্র রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা। তিনি বলেন, ওলামা-মাশায়েখদের যুক্ত না করে জঙ্গিবাদ দমন করা কঠিন হবে। তিনি বলেন, মসজিদে জুমার খুতবায় জঙ্গিবিরোধী বার্তা দিতে হবে।
চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন আজহারী বলেন, একজন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করা কুফরি। বাংলাদেশ ওলামা-মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি হালিম সিরাজি বলেন, যারা বিদেশিদের হত্যা করেছে, তারা কোরআন-হাদিস থেকে অনেক দূরের বাসিন্দা।
চাঁদপুরের ফরিদগঞ্জের আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম মাহবুবুর রহমান বলেন, কোরআন-হাসিদের আলোকে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। জিহাদ ও জঙ্গিবাদের মধ্যে যে পার্থক্য আছে, তা তুলে ধরতে হবে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ বলেন, একটি মহল বিভ্রান্তি ছড়িয়ে জঙ্গিবাদ সৃষ্টি করছে।