চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে পিবিআইকে তদন্তের নির্দেশ
জঙ্গিদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধারের মামলা
অজ্ঞাতপরিচয় জঙ্গিদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধারের এক মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ আদেশ দেন।
গত বছরের ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেয়। ৮ জানুয়ারি শুনানি শেষে আদালত মঙ্গলবার আদেশের জন্য রাখেন।
২০১৫ সালের ৬ অক্টোবর রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রামের প্রধান তৌফিকুল ইসলাম ওরফে জাবেদকে নিয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে অস্ত্র উদ্ধার অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। সেখানে পৌঁছালে তৌফিকের সহযোগীরা অতর্কিতে আক্রমণ করে এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। আহত হন দুই পুলিশ সদস্য। কথিত গ্রেনেড বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মারা যান তৌফিক। তাঁর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি গ্রেনেডসদৃশ হাতবোমা ও দুটি বিস্ফোরিত হাত গ্রেনেডের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. ইলিয়াছ খান বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় অজ্ঞাতপরিচয় জেএমবি সদস্যদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন।
২০১৫ সালের ২৯ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম এই মামলায় ফয়সাল মাহমুদ, শওকত রাসেল ও নাইমুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালতে। এর দুই দিন আগে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁরা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র। গ্রেপ্তার হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বহিষ্কার করে।
গত বছরের সেপ্টেম্বর মাসে তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অজ্ঞাতপরিচয় জেএমবি সদস্যদের সঠিক নাম-ঠিকানা খুঁজে না পাওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি। এ ছাড়া গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ারও সুপারিশ করা হয়। তবে তিন ছাত্রের পরিবার দাবি করেছেন তাঁরা জঙ্গি নন।