জঙ্গিদের কোনো দেশ নেই: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের কোনো দেশ নেই এবং সমগ্র মানবজাতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, এ ধরনের অপশক্তি রুখতে বৈষম্যহীন সমাজ গঠন জরুরি।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ লিগ্যাল টাইমস নামের একটি মাসিক আইনবিষয়ক পত্রিকার যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘উনিশ শতকে জঙ্গিবাদ নানা ফর্মে এসেছে। পৃথিবীর প্রায় সব দেশ কমবেশি জঙ্গিবাদে আক্রান্ত হয়েছে। টেররিজম মানবজাতির সবচেয়ে খারাপ শত্রু। এটা মানুষের শান্তি ও নিরাপত্তাকে নষ্ট করছে। জঙ্গিবাদ কোনো রোগ নয়, এটা একটা লক্ষণ। সমাজে হতাশা, দারিদ্র্য, অশিক্ষা, সামাজিক বৈষম্য—এগুলো থাকলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশটি বদ্ধপরিকর। এর বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
প্রধান বিচারপতি বলেন, কোনো দেশে আইনের শাসন না থাকলে সেখানে জঙ্গিবাদের উত্থান হতে পারে। এ ধরনের কোনো অপশক্তি রুখে দেওয়ার জন্য আইনের শাসন, সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন জরুরি।
বিচার বিভাগের আধুনিকায়নের নানা চিত্র তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি আইনের শাসনের জন্য আইনজীবীদের সহায়তা চান। কিছু দলীয় আইনজীবীর সমালোচনাও করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘একটি ভালো গণমাধ্যম সমালোচনা করবে, কিন্তু তা হতে হবে গঠনমূলক, যা দেশ ও দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নেবে। এ ধরনের আইনবিষয়ক একটি পত্রিকা হওয়া খুব জরুরি ছিল।’
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইনজীবী ও সাংসদ শেখ ফজলে নূর তাপসের সম্পাদনায় বাংলাদেশ লিগ্যাল টাইমস পত্রিকাটি আজ ৩ সেপ্টেম্বর বাজারে আসবে। আইনবিষয়ক এই পত্রিকাটি বাংলার বাণী ফিল্মস মিডিয়া অ্যান্ড পাবলিকেশনসের ব্যানারে প্রকাশিত হচ্ছে।