জঙ্গিদের ক্রসফায়ারে না দিয়ে তথ্য বের করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচি থেকে জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বক্তারা ‘ক্রসফায়ারের’ নামে সন্দেহভাজন জঙ্গিদের হত্যা না করে তাঁদের কাছ থেকে প্রকৃত তথ্য বের করে আনার দাবি জানান।
গতকাল শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় ‘হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদী তৎপরতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন এবং আনন্দন নামের একটি সংগঠন।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক আলী চারটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো ক্রসফায়ার বন্ধ করা, প্রশাসনে ‘সরষের মধ্যে থাকা ভূত’ বের করে আনা, জঙ্গিদের অর্থের উৎস বন্ধ করা ও সরকারের দুর্নীতি বন্ধ করা। তিনি বলেন, জামায়াত, শিবির, হেফাজতে ইসলাম বা ওলামা লীগের প্রতি নমনীয় ভাব দেখানো হলে সরকার ভবিষ্যতে বিপদাপন্ন হবে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, এখন মনে হয় প্রতিদিন ১৪ ডিসেম্বর। একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। কিন্তু পুলিশ নিস্পৃহ। কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি ফায়জুল্লাহ ফাহিমের নিহত হওয়ার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, তাঁকে ‘ক্রসফায়ারে’ দিয়ে প্রমাণ বিলুপ্ত করা হয়েছে। এই ধরনের ক্রসফায়ার প্রমাণ করে, সরষের মধ্যে ভূত আছে।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িকতা ছড়ানোর পেছনে যে শক্তি কাজ করছে, তা জামায়াত-শিবির। আর তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। পাকিস্তান ও ইসলামী ব্যাংক—এই দুটি উৎস থেকে জঙ্গিদের অর্থায়ন করা হচ্ছে। তিনি জনগণের হাতে লাঠি তুলে দেওয়ার সমালোচনা করে বলেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সন্দেহভাজন জঙ্গিদের ক্রসফায়ারে না দিয়ে প্রকৃত তথ্য বের করে আনার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, একটি প্রতিক্রিয়াশীল শক্তি চায় বাংলাদেশে শুধু তাদের ভাষায় ‘প্রকৃত মুসলমান’ বাস করবে। এই উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে।