জঙ্গি ছিনতাইয়ে বিএনপি জড়িত: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ। ছবি: জুয়েল শীল

গতকাল রোববার ফিল্মি স্টাইলে জেমবির ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এই এলাকার মুসলিম দেশ পাকিস্তান, আফগানিস্তান অস্থিতিশীল রয়েছে। এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত, আল-কায়েদা-জেএমবি এক হয়ে জঙ্গি তত্পরতা চালাচ্ছে। গতকাল যে ফিল্মি স্টাইলে জেমবির ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়া হয়েছে, এতে বিএনপি-জামায়াত ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী জড়িত।’
এ সময় অতীত কৃতকর্মের জন্য বিএনপির নেতা খালেদা জিয়াকে শুধু তওবা নয়, প্রায়শ্চিত্ত করারও পরামর্শ দেন তিনি।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, প্রথম দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে বেশি জায়গায় জয়ী হয়ে বিএনপির নেতারা অতি আস্ফাালন করছেন। তাঁদের মনে রাখতে হবে আরও পাঁচ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বোঝা যাবে কাদের সমর্থিত প্রার্থী জয়ী হয়। আর তখনই বিএনপির আস্ফাালন হাওয়ায় মিলিয়ে যাবে বলে মনে করেন তিনি।


হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা জানেন এ সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারলে তাঁরা আর কখনো ক্ষমতায় আসতে পারবেন না। তাঁদের দল মওলানা ভাসানীর দল (ন্যাপ ভাসানী) ও মুসলিম লীগের মতো বিলীন হয়ে যাবে।’
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা নাজির মিয়ার সভাপতিত্বে আজকের আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।