
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের বদলে যারা তাদের পুরস্কৃত করেছে এবং যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, তারাই এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর-দক্ষিণ) এ স্মরণসভার আয়োজন করে। ‘জঙ্গিদের বাঁচিয়ে রাখলে তাঁদের শিকড়ের খোঁজ পাওয়া যেত’ বলে খালেদা জিয়া সম্প্রতি যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের জন্য মায়াকান্না খালেদা জিয়ার কোথা থেকে আসে, সেটাও আমার প্রশ্ন। এ দেশে জঙ্গিবাদ সৃষ্টির মূল শিকড় হচ্ছে খালেদা জিয়া।’
শেখ হাসিনা বলেন, ‘শিকড়ের সন্ধান তো আর করা লাগে না, শিকড় নিজেই যখন কথা বলে ওঠে, তখন ওই দিকেই পাওয়া যাবে। ওই দিকেই পাওয়া গেছে। শিকড়টা কি ওই দিক থেকে (খালেদা জিয়ার) আসে কি না, সেইটা এখন তদন্ত করে দেখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যাঁদের মন্ত্রী বানিয়েছেন, যুদ্ধাপরাধী হিসেবে তাঁদের ফাঁসিও হয়েছে। তাঁদের যিনি মন্ত্রী বানিয়েছেন, তাঁর শাস্তির কী হবে, সেটাও দেশবাসীকে ভাবতে হবে। তিনি আরও বলেন, ‘আজ দেশের মানুষের মধ্যে এই সচেতনতাই সৃষ্টি করতে হবে, ওই জিয়া এবং খালেদা জিয়া, যারা যুদ্ধাপরাধী এবং যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্তদের মন্ত্রী বানিয়েছে, তাদের বিচার প্রকাশ্যে জনগণের সামনেই হতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি এবং যুদ্ধাপরাধীদেরও বিচার করে যাচ্ছি। একজন করে যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হচ্ছে আর একটু একটু করে শাপমোচন হচ্ছে বাংলাদেশের।’
১৫ আগস্টের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালে ওই হত্যাকাণ্ডের পর বারবার ক্ষমতার পালাবদল শুরু হয়। খুনি মোশতাক গাদ্দারি করেছে। সে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জিয়াউর রহমান আরেক খুনি, সে-ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘নামে মুক্তিযোদ্ধা ছিল, নানা খেতাবও পেয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কাজ কী করেছে? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল, মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে সংবিধান সংশোধন করে এই জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতউল্লাহ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এবং মহানগর আওয়ামী লীগের দুই অংশের দুই সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদ আলোচনায় অংশ নেন।