জঙ্গিদের জামিনে কঠোর হতে অনুরোধ আইনমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের জামিনের ব্যাপারে বিচারকদের কঠোর হতে অনুরোধ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ রেখে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও। সেদিকে লক্ষ রেখে জঙ্গিদের জামিনের ব্যাপারে বিচার বিভাগকে অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।’
গতকাল রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নব নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জঙ্গিদের জামিনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলব, বিচার বিভাগ স্বাধীন। জামিনের হাত আমাদের না। আমরা সরকারের দিক থেকে বা নির্বাহী বিভাগের দিক থেকে যেটা করতে পারি, প্রসিকিউশন সার্ভিস যেটা আছে, তাদের আমরা এসব মামলায় জামিন না দিতে বিচারকদের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের যুক্তিতর্ক রাখতে বলেছি এবং বলছি।’
গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এ তদন্ত সঠিক পদ্ধতিতে এবং সঠিক দিকে এগোচ্ছে।’ আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, ‘আমি বলব, অ্যাটর্নি জেনারেল অফিস আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব ক্ষেত্রে অন্য মন্ত্রণালয় বা তদন্তকারী সংস্থার সহায়তা চেয়েছে, আইন মন্ত্রণালয় সেই ব্যবস্থা করে দিয়েছে। এখন থেকে এসব মামলায় সমন্বয়ের যেন কোনো অভাব না হয়, সেটা আইন মন্ত্রণালয় দেখবে।’
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।