জঙ্গিদের জেরায় ভারত যাচ্ছেন তদন্তকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে গ্রেপ্তার হওয়া কয়েকজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ একটি তদন্ত দল পাঠাচ্ছে ভারতে। এসব জঙ্গির মধ্যে নব্য জেএমবির সদস্যও রয়েছে। এই জঙ্গিগোষ্ঠী গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলা চালায়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে কয়েকজন জঙ্গি ভারতে আশ্রয় নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমরা জেনেছি, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব জঙ্গির কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। দুই দেশের মধ্যে জঙ্গিবিরোধী সহযোগিতা কর্মসূচির আওতায় আমরা সেখানে গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করব।’
তবে বাংলাদেশ থেকে তদন্ত দল কবে ভারত যাবে, এর সুনির্দিষ্ট সময় বলতে পারেননি ওই কর্মকর্তা। তিনি বলেন, দুই দেশের দীর্ঘ ও ত্রুটিযুক্ত সীমান্তের সুযোগ নিয়ে জঙ্গি এবং অন্য অপরাধীরা সীমান্ত পার হয়ে যায়। বাংলাদেশি তদন্তকারীরা নতুন ধারার জেএমবির আটক সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবেন।
ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের জানামতে, জেএমবির ছয় সদস্য ভারতীয় বিভিন্ন সংস্থার হাতে আটক আছে। এর বাইরে আরও কয়েকজন সেখানে পালিয়ে থাকতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি তদন্তকারীদের যাওয়াটা একটা ধারাবাহিকতারই অংশ। এ ধরনের কেউ ধরা পড়লে তারা আমাদের আমন্ত্রণ জানায়। আমাদের দেশ থেকে এর আগেও দল গেছে।’