জঙ্গিদের তথ্যপ্রযুক্তি সন্ত্রাস রুখতে সমন্বিত পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জঙ্গি মৌলবাদীরা খুন-সন্ত্রাসের বিস্তার ঘটানোর যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, তা প্রতিরোধে সরকার সমন্বিত পরিকল্পনা নেবে। এই পরিকল্পনায় নতুন আইন প্রণয়ন, পুরোনো অনেক আইনের সংশোধন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক সহযোগিতা দৃঢ় করার উদ্যোগ থাকবে।
‘জঙ্গি মৌলবাদীদের তথ্যপ্রযুক্তি সন্ত্রাস, সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তাদের অভিমতের সঙ্গে সহমত প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেছেন।
১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রামের শহীদদের স্মরণে গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ এবং ট্রায়াল অব ওয়ার ক্রিমিনালস অব ১৯৭১’ যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় আইনমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশলে যুদ্ধ শুরু করেছে। তবে এই যুদ্ধেও তাদের পরাজয় নিশ্চিত। কিন্তু শুধু আইন করে তা হবে না। অপরাধের বিচার করতে হবে। সে জন্যই নতুন আইনের পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।
নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, নির্মূল কমিটি একটি তথ্যপ্রযুক্তি সেল গঠন করেছে। এর মাধ্যমে জঙ্গি মৌলবাদীদের তথ্যপ্রযুক্তি সন্ত্রাস পর্যবেক্ষণ ও প্রতিরোধে কাজ করা হবে।
সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সরকার তথ্যপ্রযুক্তি নিরাপত্তা আইন প্রণয়ন করছে। পাশাপাশি নাগরিক সচেতনতা সৃষ্টিতে সবাই মিলে কাজ করতে হবে। এর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ তরুণ প্রজন্ম জঙ্গি মৌলবাদীদের প্রতিরোধে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। তাতে বলা হয়, তথ্যপ্রযুক্তি সন্ত্রাস প্রতিরোধে কিছু কারিগরি সমস্যা রয়েছে। যেমন এখানে সন্ত্রাসীর পরিচয় নিশ্চিত করা কঠিন। অন্য দেশ থেকেও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা যায়। বাংলাদেশে এ বিষয়ে জনসচেতনতারও অভাব রয়েছে। এই সন্ত্রাস মোকাবিলার জন্য বিদ্যমান আইন কাঠামোও উপযুক্ত নয়। কাজেই এ ব্যাপারে সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, জঙ্গি মৌলবাদীরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অহিংস পদ্ধতিতে হিংসার আগুন ছড়িয়ে দিচ্ছে। তাদের এই সন্ত্রাস প্রতিরোধের জন্য বিকল্প তথ্যপ্রযুক্তি উদ্ভাবন করা যায় কি না তা দেখা দরকার। কোনো প্রযুক্তি ব্যবহারের জন্য উন্মুক্ত করার আগে তার জননিরাপত্তার ঝুঁকি সম্পর্কেও ভেবে দেখা দরকার। সর্বোপরি দরকার সমন্বিত কৌশল অবলম্বন করা।
সভায় আইনজীবী তুরিন আফরোজ, টিআইএম নুরুল কবির এবং হাসনাত শাহরিয়ারও বক্তব্য দেন। সভা পরিচালনা করেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।