জঙ্গিদের ধরতে কালিয়াকৈরে নিষ্ফল অভিযান
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক তিন নেতাকে গ্রেপ্তার করতে আজ শুক্রবার দিনভর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে শতাধিক পুলিশ। তবে ওই অভিযান নস্ফিল হয়েছে।
অন্যদিকে গ্রেপ্তার হওয়া জেএমবি নেতা জাকারিয়ার শ্বশুর সাব্বির আহাম্মেদকে গাজীপুর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত জেএমবির পলাতক তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রায় এক সপ্তাহ হলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জঙ্গিরা ত্রিশাল হয়ে টাঙ্গাইলের সখিপুর গিয়েছে। পুলিশের ধারণা ছিল, পলাতক জঙ্গি সদস্যরা সখিপুর থানার সীমান্তবর্তী এলাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বনবেষ্টিত ফুলবাড়িয়া ইউনিয়নের কোথাও পালিয়ে থাকতে পারে। আজ সকাল থেকে কালিয়াকৈর ও গাজীপুরের শতাধিক পুলিশ ফুলিবাড়িয়া এলাকার প্রতিটি বাড়ি ও ঝোপ-জঙ্গলে চিরুনি অভিযান শুরু করে। অভিযান চলে রাত আটটা পর্যন্ত। তবে পুলিশের ওই অভিযান পুরোপুরিই নিষ্ফল ছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গাইলের সখিপুর থানা ও কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়ন পাশাপাশি এবং ঝোপ-জঙ্গলে ভরা। ওই এলাকায় জঙ্গি সদস্যরা পালিয়ে থাকতে পারে, এমন আশঙ্কায় ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। এটা অব্যাহত থাকবে।
এদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য ও গাড়ি চালক জাকারিয়ার শ্বশুরকে গাজীপুর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাঁকে আজ সারা দিন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জঙ্গি সদস্য জাকারিয়ার শ্বশুর হলেও জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক থাকার তথ্য পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, মেয়েকে বিয়ে দেওয়ার সময় জাকারিয়া তাঁর শ্বশুরকে বলেছিলে সে ভালো হয়ে গেছে। আর কোন খারাপ কাজে বা জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখবে না।