স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক জঙ্গিদের পৃষ্ঠপোষক বলে চিহ্নিত রাজনীতিবিদদের ওপর কঠোর নজরদারি রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলাবিষয়ক এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, নগর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদসহ র্যাব, কোস্টগার্ড, বিডিআর প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিরা যাতে আর কোনোভাবে সুযোগ নিতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টায় যারা মাঠে নামবে তাদের প্রতিরোধ করতে হবে। শুরুতে প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনেন। পরে তিনি এ ব্যাপারে নির্দেশনা দেন।এর আগে সকালে শামসুল হক নগরের জেএম সেন হল চত্বরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন। চট্টগ্রামের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি নগরের নানা সড়ক ঘুরে আবার জেএম সেন হল চত্বরে গিয়ে শেষ হয়।শোভাযাত্রার উদ্বোধনকালে শামসুল হক বলেন, সবার ধর্ম পালনে সমান অধিকার রয়েছে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করছে।