জঙ্গিদের ফেলে যাওয়া পিস্তল ও বোমা উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার ছয়টি পিস্তল, ৪১টি গুলি, আটটি ম্যাগাজিন ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গত রোববার ত্রিশালে তিন জঙ্গিনেতাকে ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিরা এসব অস্ত্র ফেলে গেছে।
এ নিয়ে গতকাল ঘটনাস্থল গারোবাজারে কথা হয় পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো ত্রিশালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা প্রিজন ভ্যানে হামলা করে তিন আসামিকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ, ওই দিন ময়মনসিংহের ত্রিশালের ঘটনাস্থল থেকে উদ্ধার করা ব্যবহূত ও অব্যবহূত গুলিগুলো ছিল ৬ দশমিক ৭৫ মিলিমিটার নলযুক্ত পিস্তলের। গুলির পেছনে ‘আরএফ’ ইংরেজি অক্ষর খোদাই করা রয়েছে। গতকাল ঘাটাইলের গারোবাজারে উদ্ধার করা পিস্তলগুলো ৭ দশমিক ৬৫ মিমি নলযুক্ত (সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোর)। উদ্ধার করা গুলিগুলোও একই মাপের এবং সেগুলোর পেছনেও আরএফ ইংরেজি অক্ষর খোদাই করা রয়েছে।
এ ছাড়া উদ্ধার করা বোমাগুলো বৈদ্যুতিক তার ও সুইচ যুক্ত। অতীতে বিভিন্ন সময়ে জেএমবির কাছ থেকে এ ধরনের বোমা উদ্ধার করা হয়েছিল। রোববার আসামি ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিদের ব্যবহূত একটি মাইক্রোবাস আটকিয়ে সখীপুর থানার পুলিশ একই মাপের একটি পিস্তল, ছয়টি গুলি ও ছয়টি একই ধরনের শক্তিশালী বোমা উদ্ধার করে। গ্রেপ্তার করে মাইক্রোবাসের চালক জাকারিয়াকে।
গতকাল দুপুরে গারোবাজারে গিয়ে জানা যায়, সকালে বাজারের ওপরেই রাস্তার পাশে নির্মাণাধীন একটি একতলা ভবনের পাশের খালি জায়গা থেকে ছয়টি পিস্তল ও বোমাগুলো উদ্ধার হয়। সারের বস্তা দিয়ে তৈরি হাত ব্যাগের মধ্যে অস্ত্র ও মিষ্টির প্যাকেটে বোমাগুলো রাখা ছিল। মিষ্টির প্যাকেটটি জামালপুরের সরিষাবাড়ীর একটি মিষ্টি দোকানের।
এলাকাবাসী জানান, স্থানীয় একজন কৃষক জয়নাল আবেদিন গতকাল সকাল আটটার দিকে সাদা রঙের ব্যাগটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি ব্যাগের ভেতরে অস্ত্র দেখে পুলিশকে খবর দেন।
জঙ্গিরা কেন পিস্তলগুলো সেখানে ফেলে গেল, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ কর্মকর্তাদের ধারণা, ভালুকা থেকে ভরাডোবা-সাগরদীঘি হয়ে জঙ্গিরা গারোবাজারের ওপর দিয়ে মধুপুর টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে গিয়ে উঠেছে। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক দিয়ে এলেঙ্গা-যমুনা সেতু হয়ে খুব সহজে উত্তরবঙ্গেও দিকে যাওয়া যায়। জঙ্গিরা হয়তো তল্লাশি চৌকিতে ধরা পড়ার আশঙ্কায় অস্ত্র-বোমা পথে ফেলে গেছে।
রিমান্ডে দুই জঙ্গির তথ্য: গ্রেপ্তার থাকা দুই জঙ্গি জাকারিয়া ও রায়হান ওরফে রাসেল সখীপুর থানার মামলায় এখন ২০ দিনের রিমান্ডে রয়েছেন। গত সোমবার রাতে তাঁদের টাঙ্গাইল আদালত থেকে ঢাকায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় এবং গতকাল সকালে তাঁদের সখীপুরে ফিরিয়ে আনা হয়।
ঢাকায় জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানায়, জিজ্ঞাসাবাদে দুই জঙ্গি জানিয়েছেন, তিন জঙ্গিনেতাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনাকারীদের অন্যতম হলেন জাকারিয়া। তিনি ২০০৫ সালে জেএমবির তখনকার সামরিক শাখার প্রধান আতাউর রহমান ওরফে সানির সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। জাকারিয়া অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি ২০১২ সালে জামিনে মুক্ত হন।
পুলিশের সূত্রগুলোর দাবি, জাকারিয়া কারাগারে থাকার সময় জেএমবির শুরা সদস্য হাফিজ মাহমুদসহ অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। তখনই তাঁদের বের করে আনার কথা দিয়েছিলেন জাকারিয়া। তিনি বের হয়ে আরও কয়েকজন জঙ্গির সঙ্গে ব্যবসা করেন এবং বিভিন্নভাবে ৫০ লাখ টাকা সংগ্রহ করেন। এই টাকা তাঁরা কারাগারে আটকে থাকা জঙ্গিদের ও তাঁদের আইনজীবীদের পেছনে খরচ করেন। কার পেছনে কত টাকা খরচ করা হয়েছে, তার একটি তালিকা জাকারিয়ার স্ত্রী শামসুন্নাহার ওরফে স্বপ্না বেগমের কাছ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে। জাকারিয়ার বক্তব্য যাচাই করে দেখার জন্য তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।
আরেক পুলিশ সাময়িক বরখাস্ত: ওই দিন আসামি নেওয়ার ক্ষেত্রে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলো।
মামলা ডিবিতে হস্তান্তর: পুলিশের প্রিজন ভ্যান থেকে জেএমবির সাজাপ্রাপ্ত তিন আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ময়মনসিংহের ত্রিশাল থানায় দায়ের করা দুটি মামলা সোমবার বিকেলে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ময়মনসিংহ জেলার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান এ কথা জানান।
[সহযোগিতায় গাজীপুর ও ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি]