জঙ্গিদের বিরুদ্ধে আজ থেকে 'সাঁড়াশি অভিযান'
জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামার ঘোষণা দিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার থেকে আগামী সাত দিন পর্যন্ত এ অভিযান চলবে।
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে পুলিশ সদর দপ্তরে সাড়ে তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
বৈঠকে জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে কমিউনিটি পুলিশকে কাজে লাগানোর ব্যাপারেও আলোচনা হয়।
বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন পুলিশ মহাপরিদর্শক। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মনোবল নিয়ে পেশাদারির সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভার শুরুতে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুনের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।