রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাসহ সব ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌরঙ্গী মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক, সহসভাপতি এ টি এম বিদ্যুৎ, মো. আসাদুজ্জামান সরকার, মনিরুল হাসান প্রমুখ। বক্তারা বিভিন্ন জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সবাইকে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রাজশাহী: নগরের কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট ও মণি চত্বর হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এদিকে দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নগরের আলুপট্টি মোড়ে এ মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে সাংবাদিক নেতারা বাংলাদেশে জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানান।
গাইবান্ধা: সকালে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। পরে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ হয়। জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল লতিফ প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত মাহমুদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় মঞ্চের সামনে আসে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রেজা, সাবেক সভাপতি ফাইজার রহমান প্রমুখ।
নওগাঁ: দুপুর ১২টায় শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল মালেক। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া রিজভীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের প্রচারবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদদ খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার প্রমুখ।
ফরিদপুর: বেলা ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ফরিদপুর জেলা ছাত্রলীগ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আসে। এখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন আশরাফুল ইসলাম, আকন্দ মো. কাওসার প্রমুখ।
গোপালগঞ্জ: বেলা ১১টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
নড়াইল: দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগ। এরপর মুচিপোল চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল হোসেন।
পঞ্চগড়: দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মারুফ রায়হান প্রমুখ।
কুড়িগ্রাম: দুপুরে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। পরে ঘোষপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।
শেরপুর: দুপুর সাড়ে ১২টায় শহরের রঘুনাথ বাজার থানা মোড়ের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। পরে একই স্থানে সংগঠনের সভাপতি জুনায়েদ নূরানীর সভাপতিত্বে সমাবেশে অন্য নেতারা বক্তব্য দেন।