জঙ্গিদের ব্যাপারে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির ও জঙ্গি সংগঠনগুলোর সহিংস তৎপরতার ব্যাপারে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি জঙ্গি তৎপরতা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগানোর সুপারিশ করেছে।

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. ছায়েদুল হক সাংবাদিকদের বলেন, রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী সরকারের শেষ বছরে বিরোধী দল আন্দোলন করে। কিন্তু আন্দোলনের নামে জামায়াত-শিবির ও জঙ্গি সংগঠনগুলো নাশকতা চালিয়ে যাচ্ছে। এজন্য কমিটি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে। তিনি আরও বলেন, পুলিশ আন্তরিক থাকলে নাশকতামূলক তৎপরতা দমন করা সম্ভব। এ ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগানো যেতে পারে। কমিটি মনে করে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী তৃণমূল পর্যায়ে থাকে বলে তাদের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব।

বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারটি নতুন ব্যাটালিয়ন দ্রুত অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয় বলে সভাপতি জানান।

ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, হুইপ মির্জা আজম, সাংসদ মুজিবুল হক, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। এ ছাড়া স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।