জঙ্গিদের বড় নাশকতা করার শক্তি নেই: আছাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

জঙ্গিদের এখন বড় ধরনের নাশকতা করার মতো শক্তি আছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্বাস করে না। তবে এখনো বিক্ষিপ্তভাবে দু-একটি ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

আজ সোমবার সকালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গুলশানে হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়।

গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় সময়মতো অভিযোগপত্র দেওয়া হবে বলেও মন্তব্য করেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনায় তদন্ত চলছে। পর্যাপ্ত আলামত জব্দ করা হয়েছে। ফরেনসিক ল্যাবে পরীক্ষাও শেষ হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা হয়।