ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমঘর ঠিকমতো কাজ করছে না। এ অবস্থায় জঙ্গিদের লাশ নিয়ে পরবর্তী করণীয় কী হবে, জানতে চেয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের মর্গটির তত্ত্বাবধান করে ফরেনসিক মেডিসিন বিভাগ। ওই বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, মর্গের ‘ফ্রিজিং সিস্টেম’ (হিমায়িত করার ব্যবস্থা) ঠিকমতো কাজ করছে না। মর্গে ২০টি লাশ সংরক্ষণের ব্যবস্থা আছে। এখন যে অবস্থা তাতে ১২টি লাশ রাখা যায়। কিন্তু লাশ আছে ১৬টি। এর মধ্যে ১২টিই জঙ্গিদের লাশ। জায়গা না থাকায় একটি চেম্বারে দুটি করে লাশও রাখতে হচ্ছে। বিভাগের পক্ষ থেকে সে কারণে অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা নয়টি লাশ কল্যাণপুরে পুলিশ অভিযানে নিহত জঙ্গিদের। আর তিনটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত তিন জঙ্গির।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল খান প্রথম আলোকে বলেন, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়। ময়নাতদন্ত শেষে ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর লাশ আবারও পুলিশের কাছেই বুঝিয়ে দেওয়া হয়। এখন মর্গে যে লাশগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও নিয়মমাফিক যা যা করার করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, জানতে চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠির একটি অনুলিপি শাহবাগ থানাতেও দেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে জঙ্গিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকায় নতুন লাশ রাখায় অসুবিধা হচ্ছে।