জঙ্গিদের শরীরের নমুনা যাচ্ছে এফবিআইয়ের পরীক্ষাগারে
গুলশানের ও’কিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের ডিএনএ পরীক্ষার জন্য শরীরের নমুনা যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে গতকাল বুধবার তাদের শরীরের নমুনা সংগ্রহ করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে দুই দফায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল সিএমএইচ হাসপাতালের মর্গে যায়। দলটি মর্গের হিমঘরে থাকা পাঁচ জঙ্গি মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও হলি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি সন্দেহভাজন সাইফুল ইসলাম চৌকিদারের মরদেহ থেকে রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে।
দলটির প্রধান সোহেল মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা গতকালই মামলার তদন্তসংশ্লিষ্ট কাউন্টার টেররিজম কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, হত্যার আগে তারা কোনো মাদক গ্রহণ করেছিল কি না, তা নির্ণয়ের জন্য এ পরীক্ষা করানো হচ্ছে। এর আগেও ছয়জনের রক্ত, কিডনি, যকৃৎ ও পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজমের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সংগৃহীত নমুনা যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই নমুনা এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে চায় পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান গতকাল বিকেলে বলেন, লাশ নিতে হলে তাদের স্বজনদের মামলার তদন্ত কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। অভিভাবকত্ব প্রমাণের জন্য নিহত ছয়জনের মা-বাবা কিংবা ভাইবোনের ডিএনএ পরীক্ষা করানো হবে।
রোহান ইমতিয়াজের পরিবার ছাড়া তিন জঙ্গিসহ পাঁচজনের পরিবার প্রথম আলোকে বলেছে, তারা লাশ নিয়ে দাফন করতে চায়।
পুলিশ জানায়, পাঁচ জঙ্গিসহ ছয়জনের পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে তাঁরা নিহত তিন জঙ্গিসহ চারজনের ডিএনএ পরীক্ষা শুরু করেছেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদ: হলি আর্টিজানে হামলায় জড়িত জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তাঁর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরী এবং শেওড়াপাড়া থেকে গ্রেপ্তার সাবেক শিক্ষক নুরুল ইসলামের রিমান্ডের গতকাল তৃতীয় দিন পার হয়েছে। আর হলি আর্টিজানে হামলায় নিহত শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বলকে সহযোগিতার অভিযোগে মিলন হোসাইনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা জেলার পুলিশ।
এদিকে জিম্মি ঘটনায় জীবিত উদ্ধার হওয়া হাসনাত করিম ও তাহমিদের পরিবারের পক্ষ থেকে গতকাল বলা হয়, তাঁরা বাসায় ফেরেননি। দুই পরিবার ধারণা করছে, তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। তবে গতকাল বিকেলে মামলার তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, হাসনাত করিম ও তাহমিদ হাসিব তাঁদের কাছে নেই।
হলি আর্টিজানের জিম্মিদশা থেকে দুজন উদ্ধার হলেও পরিবার তাঁদের সন্ধান না পাওয়ায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকার পর কারও হদিস না পাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন।
১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে সমন্বিত অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। অভিযানের আগে-পরে জীবিত উদ্ধার করা হয় দেশি-বিদেশি ৩২ জনকে।