জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না: ইনু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুন। জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।’ গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, বিএনপির নেতাদের অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব। অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেওয়ার পর অনির্বাচিত কোনো সরকার গঠনের অবকাশ আর বাংলাদেশে নেই।
মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।