২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ২০০৪ সালে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
এর আগে গত সোমবার সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আংশিক সাক্ষ্য দেন। গতকাল বাকি সাক্ষ্য শেষে তাঁকে বিএনপির নেতা তারেক রহমান, হারিছ চৌধুরী, মোফাজ্জল হেসেন কায়কোবাদ ও হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে জেরা করা হয়। এসব আসামি পলাতক থাকায় তাঁদের জন্য রাষ্ট্র-নিয়োজিত আইনজীবীরা জেরা করেন।
এ ছাড়া আরেক আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে সুরঞ্জিতকে আংশিক জেরা করা হয়েছে। ১৭ ডিসেম্বর বাকি জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুটি মামলার বিচার চলছে।
সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল দেওয়া সাক্ষ্যে বলেন, ওই হামলায় তিনিসহ আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, প্রয়াত আবদুর রাজ্জাক, মেয়র হানিফসহ অনেক নেতা-কর্মী স্প্লিন্টারবিদ্ধ হন। আইভি রহমানসহ অনেকে মারা গেছেন। কারও শরীর থেকে পা চলে গেছে, হাত চলে গেছে, দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। হামলার মাঝেই প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে মানবঢাল তৈরি করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রক্ষা করা হয়। তিনি বলেন, সামরিক প্রশিক্ষণ ছাড়া এই গ্রেনেড ছোড়া কারও পক্ষে সম্ভব নয়।
সুরঞ্জিত বলেন, ‘তখন আমরা সংসদ সদস্য ছিলাম। বিরোধীদলীয় সাংসদ হিসেবে আমরা নিন্দা প্রস্তাব আনতে চেয়েছিলাম। বিএনপি-জামায়াতের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে দেখতে গেলেন না। আমাদেরও দেখতে এলেন না। সংসদে শোক ও নিন্দা প্রস্তাবও আনতে দিলেন না। উপরন্তু গ্রেনেড হামলার জন্য জননেত্রী শেখ হাসিনার ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়।’
সুরঞ্জিত বলেন, তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সরকারি বাসায় বসে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়। জোট সরকারের সহায়তায় হামলাকারীরা পালিয়ে যায়। হাওয়া ভবনেও গ্রেনেড হামলা নিয়ে পরিকল্পনা ও সভা হয়। তারেক রহমান ছিলেন নেতৃত্বে।