জঙ্গিদের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিরা শান্তির ধর্ম ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে। তারা ইসলামকে কলঙ্কিত করছে। এদের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর উপকণ্ঠ সাভারে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ধারণা ছিল, শুধু মাদ্রাসার শিক্ষার্থীরাই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। কিন্তু গুলশান ট্র্যাজেডির পর আমাদের সেই ধারণা পাল্টে গেছে। শুধু মাদ্রাসার অবুঝ ছেলেরাই নয়, এসবের সঙ্গে যুক্ত হচ্ছে আপনার আমার শিক্ষিত ছেলেরা। যাঁরা সমাজে প্রতিষ্ঠিত, তাঁদের ছেলেদের দিয়েই এসব ঘটানো হচ্ছে।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ব্লগার, পুরোহিত, পুলিশ হত্যাসহ গুলশান হত্যাকাণ্ড এক সুতোয় গাঁথা।  ছাত্রশিবিরকে ইঙ্গিত করে তিনি বলেন, রগকাটার দলেরাই এসব হত্যাকাণ্ড ঘটিয়ে জেএমবি, হুজি, হিযবুত তাহ্‌রীর, আল-কায়েদা ও আইএসের নামে চালানোর চেষ্টা করছে। দেশে আইএস বলে কিছু নেই।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতকেরাই আজকের জঙ্গিগোষ্ঠী। এরা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য এই জঙ্গি হামলা চালাচ্ছে।

সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল গনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাভার কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলী, তেতুলঝোঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকরুল আলম প্রমুখ।