জঙ্গিদের ৯০ শতাংশই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, জঙ্গিদের ৯০ শতাংশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জামায়াতে ইসলামীই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে। বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূলে বদ্ধপরিকর। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে।গত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে এইচ টি ইমাম বলেন, বিডিআর বিদ্রোহে বর্তমান বিরোধী দলের ইন্ধন ছিল। ক্ষমতায় থাকার সময় তারা টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। এতে আরও বক্তব্য দেন সাংসদ শওকত মোমেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন প্রমুখ। সন্ধ্যায় সখীপুর আবাসিক মহিলা ডিগ্রি কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে এইচ টি ইমাম যোগ দেন।