জঙ্গিদের ‘মদদদাতা’ বের করতে পুনঃ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের ‘মদদদাতা’ বের করতে সিলেটের গুলশান সেন্টারে হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গিদের গ্রেনেড হামলার মামলা পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মনজুরুল হক খান এ নির্দেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতের এ নির্দেশনা কার্যকর করবে বলে আদালত সূত্র জানায়। আদালত সূত্র আরও জানায়, ২০০৪ সালের ৭ আগস্ট রাত আটটায় নগরের গুলশান সেন্টারে আওয়ামী লীগের কর্মিসভা চলাকালে গ্রেনেড হামলা হয়। এতে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত হন। আহত হন নগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ আরও বেশ কয়েকজন।হুজির জঙ্গিরা এ ঘটনার দায় স্বীকার করে। ২০০৭ সালে হুজির শীর্ষ জঙ্গি মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর সূত্রে সংগঠনের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম বিপুলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ২০০৮ সালের ৩০ আগস্ট মুফতি হান্নান, বিপুলসহ ছয় জঙ্গিকে অভিযুক্ত করে সিআইডি আদালতে অভিযোগপত্র দেয়। এ ঘটনায় বিস্ফোরক ও হত্যা মামলায় দায়ের করা দুটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।গতকাল দুই মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখে গ্রেনেড হামলায় আহত ব্যক্তিদের পক্ষে সিলেটের সরকারি কৌঁসুলি মিসবাহউদ্দিন সিরাজ ঘটনাটি পুনঃ তদন্তের জন্য আদালতে একটি আবেদন করেন। আবেদনে মোট ছয়টি অনুচ্ছেদে ঘটনার বর্ণনা ও সিআইডির তদন্তর প্রতিবেদন সূত্রের বরাত দেওয়া হয়।মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘সিলেটে গ্রেনেড হামলাকারী জঙ্গি শরিফ শাহেদুল আলম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তিনি সিলেটে আলী এন্টারপ্রাইজ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি তিনি হুজির সাংগঠনিক দায়িত্ব পালন করতেন। এখন তাঁকে আসামি করা হলেও যাঁরা সিলেটে তাঁকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাঁরা কি আড়ালে থাকবে? এ ছাড়া গ্রেনেড হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী তৎকালীন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কী করছিলেন? তদন্তে এসব প্রশ্নের কোনো উত্তর না থাকায় আমি পুনঃ তদন্তের আবেদন করেছি।’সাক্ষ্যগ্রহণ: সিলেটে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করা জেএমবির শীর্ষ জঙ্গি শায়খ আবদুর রহমানের আত্মসমর্পণ করা বাড়ি ‘সূর্যদীঘল বাড়ির বিস্ফোরক উদ্ধার’ মামলায় সিলেটের সাবেক জেলা প্রশাসক এস এম ফয়সল আলমসহ দুজন গতকাল আদালতে সাক্ষী দিয়েছেন। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) নাজির আহম্মেদের আদালতে তাঁরা সাক্ষ্য দেন। এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।