জঙ্গিনেতা তামিম ও জিয়াকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম চৌধুরী,সৈয়দ মো. জিয়াউল হক
তামিম চৌধুরী,সৈয়দ মো. জিয়াউল হক

২০১৩ সালের ৫ অক্টোবর তামিম চৌধুরী কানাডা থেকে বাংলাদেশে ঢুকেছেন। গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার আগে নিশ্চিতভাবে তিনি বাংলাদেশে ছিলেন। তাঁর দেশ ছেড়ে যাওয়ার কোনো খবর পুলিশের কাছে নেই। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ওই সংবাদ সম্মেলনে জেএমবির একাংশের নেতা তামিম চৌধুরী ও আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক প্রধান চাকরিচ্যুত সেনা কর্মকর্তা সৈয়দ মো. জিয়াউল হককে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। সংবাদ সম্মেলনে আইজিপি ছাড়াও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারি, মোখলেসুর রহমান (প্রশাসন), র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘এই তামিম চৌধুরী গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদ জামাতে হামলার মূল পরিকল্পনাকারী। কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গে তামিমের যোগাযোগ ছিল বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তামিম এখন নিষিদ্ধ সংগঠন জেএমবির একাংশের নেতৃত্ব দিচ্ছেন।’ তিনি আরও বলেন, জেএমবির নতুন এই অংশের সদস্যদের সঙ্গে বাইরের কোনো দেশের যোগাযোগ নেই। তবে তারা আইএসের মতো ‘ভাব’ করতে চায়।
তামিম চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। গত ১৩ এপ্রিল অনলাইনে প্রকাশিত আইএসের নিজস্ব সাময়িকী ‘দাবিক’-এর ১৪তম সংখ্যায় আইএসের কথিত বাংলাদেশ-প্রধান শায়খ আবু ইব্রাহিম আল-হানিফের দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই শায়খ আবু ইব্রাহিম আল-হানিফই তামিম চৌধুরী।
সংবাদ সম্মেলন শেষে পুলিশের সন্ত্রাসবিরোধী ও আন্তদেশীয় অপরাধ দমন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘২০১৩ সালের ৫ অক্টোবর দুবাই হয়ে তামিম ঢাকায় আসেন। তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এমন কোনো তথ্য আমাদের হাতে নেই।’ তামিমের জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি কবে পুলিশের নজরে আসে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘গত বছর তামিমের কার্যকলাপ সম্পর্কে আমরা জানতে পারি।’
২৭ জুলাই কল্যাণপুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তামিমকে প্রথমবারের মতো এজাহারভুক্ত আসামি করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, ‘নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও সমর্থনপুষ্ট অন্যান্য সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে সহায়তা ও প্ররোচনা’ দেওয়া।
তামিমের বাবার নাম শফিক আহমেদ চৌধুরী। মায়ের নাম খালেদা শফি চৌধুরী। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম ফাদিমাপুরে। তামিমের জন্মের আগেই শফিক আহমেদ চৌধুরী সপরিবারে দেশ ছাড়েন। সেখানেই ১৯৮৬ সালে তামিমের জন্ম হয়।
সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেন, তদন্তে তামিম চৌধুরীর পাশাপাশি এসব জঙ্গি হামলায় যারা সহযোগিতা করেছে, তাদেরও শনাক্ত করেছে পুলিশ।
জিয়াউল হককে খুঁজছে পুলিশ: ২০১১ সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে ব্যর্থ অভ্যুত্থান ঘটানোর চেষ্টায় মেজর সৈয়দ মো. জিয়াউল হক পদচ্যুত হন। পুলিশ মহাপরিদর্শক বলেন, তদন্তে দেখা গেছে, দেশে ব্লগার খুনের ঘটনাগুলো ঘটিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। এই টিমের সামরিক শাখার প্রধান সৈয়দ জিয়াউল হক।
সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে জিয়াউল হক পলাতক। তখনই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেনাবাহিনী থেকে এ-সম্পর্কিত চিঠি ২০১২ সালের ১৮ মার্চ পুলিশ ও র্যা ব সদর দপ্তরে পাঠানো হয়। তিনি যেন দেশ ছাড়তে না পারেন, সে জন্য বন্দরগুলোকেও সতর্ক করা হয়। কিন্তু এখনো তিনি অধরা।
২০০৭ সালে আনসারুল্লাহ বাংলা টিমের জন্ম। দলটি এ দেশে আল-কায়েদার মতাদর্শ অনুসারীদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত। শুরুতে পাঠচক্র ও ইন্টারনেটে প্রচারে যুক্ত দলটি ২০১৩ সাল থেকে ব্লগার হত্যা শুরু করে। জিয়াউল হক সামরিক শাখার দায়িত্ব নেওয়ার পর গত বছর সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে। তদন্তে যুক্ত একাধিক কর্মকর্তা এর আগে প্রথম আলোকে বলেছেন, আনসারুল্লাহ বাংলা টিমের কারাবন্দী তাত্ত্বিক নেতা জসিমুদ্দীন রাহমানী জিজ্ঞাসাবাদে বলেছেন, ধরা পড়ার আগে তিনি একাধিকবার ঢাকা ও চট্টগ্রামে মেজর জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সৈয়দ জিয়াউল হকের বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুর। তাঁর বাবার নাম সৈয়দ মো. জিল্লুল হক।
বিপথগামীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি: পুলিশের মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে ‘বিপথগামী তরুণদের’ ফিরে আসার অনুরোধ করেন। তিনি বলেন, তাঁরা যদি কোনোরকম অপরাধ করে না থাকেন, তাঁদের সামাজিকভাবে পুনর্বাসনের দায়িত্ব নেবে পুলিশ ও প্রশাসন। এ ছাড়া কেউ যদি কোনো অন্যায় করে থাকেন, তাঁদের প্রচলিত আইনের মধ্যে থাকা পুনর্বাসনের পরিকল্পনা পুলিশের আছে।
শহীদুল হক আরও বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশ শতভাগ পেশাদারি নিয়ে জীবন বাজি রেখে কাজ করেছে। তারপরও একটি ‘স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে পুলিশের অর্জনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।’