জঙ্গিনেতা মাওলানা ইয়াহিয়ার খালাস চাইলেন আইনজীবী
☀ ইয়াহিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ।
☀ ৪৯ আসামির মধ্যে ১৭ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ।
☀ ২৯,৩০ ও ৩১ জানুয়ারি অন্য আসামিদের পক্ষে যুক্তিতর্ক।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি জঙ্গিনেতা মাওলানা ইয়াহিয়াকে খালাস দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর আইনজীবী। গতকাল বুধবার তাঁর পক্ষে আইনজীবী মাঈনুদ্দিন মিয়া যুক্তিতর্ক উপস্থাপন করে আদালতে এ দাবি জানান।
ইয়াহিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বাকি আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এই দিন ধার্য করেন। এ মামলার ৪৯ আসামির মধ্যে গতকাল পর্যন্ত ১৭ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলো। এর মধ্যে মুন্সী মহিবুল্লাহ, সাব্বির ও ইয়াহিয়া ছাড়া বাকি ১৪ জনই পলাতক।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলার বিচারকাজ চলছে নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে। গতকাল দুপুর ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী মাঈনুদ্দিন মিয়া কারাগারে আটক আসামি মাওলানা ইয়াহিয়ার পক্ষে বাকি যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। গত মঙ্গলবার তিনি যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছিলেন।
আইনজীবী মাঈনুদ্দিন মিয়া বলেন, আদালতে জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে এ মামলা সাজানো হয়েছে। আইনজীবী এরপর গ্রেনেড হামলাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা ও জিডির বিষয়ে যুক্তি তুলে ধরেন। তিনি মাওলানা ইয়াহিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা সাক্ষীদের জবানবন্দি পড়ে অসংগতি তুলে ধরেন এবং ইয়াহিয়াকে এ মামলা থেকে খালাস দেওয়ার দাবি জানান।
এরপর আসামিপক্ষের আর কোনো আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন না করায় আদালত ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন। বিচারক শাহেদ নুর উদ্দিন উভয় পক্ষের আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা সময় দিয়ে আদালতকে সহযোগিতা করছেন। ২৯ জানুয়ারি সকালে আবার আদালতের কার্যক্রম শুরু হবে। তত দিন ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।’
আদালতের কার্যক্রম শেষে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানও আদালতকে ধন্যবাদ জানান।
এ মামলার ৫২ জন আসামির মধ্যে অন্য পৃথক মামলায় ৩ জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার মামলায় জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর হয়েছে।