জঙ্গিনেতাদের বিচার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোতে ১২ জুলাই প্রকাশিত ‘তিন জঙ্গিনেতার বিচারের অনুমতি পাওয়া যাচ্ছে না’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু। তাঁর স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে আবদুল্লাহ আবুর বরাত দিয়ে বলা হয়েছে, ‘ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এসব মামলার বিচার শুরুর অনুমোদন দিতে সরকারের আইন মন্ত্রণালয়ের কাছে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দুই বছরেও জবাব আসেনি। কোনো কোনোটির জন্য অপেক্ষা তিন বছরেও গড়িয়েছে।’ এ বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। প্রতিবেদকের কাছে এ কথা স্বীকার করার প্রশ্নই আসে না। তিনি জানেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন দেওয়া হয় না। প্রতিবাদপত্রে আরও বলা হয়, কৌঁসুলি তাপস কুমার পালের বরাত দিয়ে যা লেখা হয়েছে, তা তিনি অস্বীকার করেছেন।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনের কোথাও বলা হয়নি সন্ত্রাসবিরোধী আইনের মামলার অনুমোদন দেয় আইন মন্ত্রণালয়। ওই তিন জঙ্গিনেতার মামলার ক্ষেত্রে সরকারি অনুমোদন না পাওয়ার বিষয়ে পিপি আবদুল্লাহ আবুর সঙ্গে টেলিফোনে এ প্রতিবেদকের আলাপ হয়। আরেক অতিরিক্ত পিপি তাপস কুমার পালও স্বীকার করেন, অনুমোদনের জন্য চিঠি আদালত থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আদালত থেকে সর্বশেষ গত ২৮ মার্চ আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। শীর্ষ তিন জঙ্গিনেতার বিচারের ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, ‘তাঁদের (তিন জঙ্গিনেতা) ব্যাপারে দ্রুত অভিযোগপত্র কোর্টে দাখিল করা হয়েছে। কিন্তু অভিযোগপত্রের ওখানে স্যাংশন (অনুমতি) নেই। অ্যান্টি টেররিজম অ্যাক্টে একটা ধারা আছে, যেখানে স্যাংশনের প্রয়োজন আছে। আমি আইন মন্ত্রণালয় থেকে স্যাংশনের জন্য লেখা হওয়া কাগজপত্র জোগাড় করে গতকালই (মঙ্গলবার) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আগামী দুই দিনের মধ্যে এই স্যাংশনগুলো আদালতে চলে যাবে।’