জঙ্গিনেতার অডিওসহ বিডিআর সদস্যের মা-ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এক বিডিআর সদস্যের মা ও ভাইকে গতকাল শনিবার গাজীপুরের কাশিমপুর কারাগারের অভ্যর্থনাকক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁদের কাছ থেকে একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে৷ এতে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের অডিও বার্তা রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ৷
গ্রেপ্তারকৃতরা হলেন হাজেরা বেগম (৫৫) ও তাঁর ছেলে সাগর মিয়া (১৯)। তাঁদের বাড়ি মাগুরা জেলার শালিখা থানার বাগডাঙ্গ গ্রামে। তাঁরা বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম রেজার মা ও ভাই।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সুপার জামিল আহমেদ চৌধুরী জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বন্দীদের আত্মীয়স্বজনও খাবার নিয়ে যান। গতকাল দুপুর ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য সেলিম রেজার সঙ্গে দেখা করতে যান তাঁর মা ও ভাই। তাঁরা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা সেমাই কারাভ্যন্তরে সেলিম রেজাকে দেওয়ার চেষ্টা করেন। খাবার পরীক্ষার সময় সেমাইয়ের ভেতর থেকে একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। মেমোরি কার্ডটি পরীক্ষা করে দেখা যায়, এতে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানীর একটি অডিও আছে৷ এ ছাড়া মেমোরি কার্ডটিতে জামালপুর, লালমনিরহাট, কিশোরগঞ্জ, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকার তথ্যসহ সাংকেতিক কথাবার্তার রেকর্ড রয়েছে। মেমোরি কার্ডসহ ওই দুজনকে আটক করে জয়দেবপুর থানার পুলিশে সোপর্দ করা হয়৷
জামিল আহমেদ জানান, বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় আদালত সেলিম রেজাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁকে গত অক্টোবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই বন্দী মা দাবি করেছেন, ছেলের স্ত্রী পরকীয়া করছেন। সেই ছবি এবং কথাবার্তা গোপনে রেকর্ড করে ছেলেকে দিতে চেয়েছিলেন। অন্য কোনো খারাপ উদ্দেশ্য তাঁদের ছিল না।