জঙ্গিবাদ উসকে দেওয়া বই গ্রন্থাগারে রয়েছে কি না খোঁজা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ উসকে দেয়, এমন কোনো বই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন পাঠাগার ও বিভাগের সেমিনার কক্ষে রয়েছে কি না তা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক, ছাত্রাবাসের প্রাধ্যক্ষ, বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। এসব গ্রন্থাগারে থাকা ধর্মীয় বইয়ের তালিকা তৈরি করে তা আগামী বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের ধর্মীয় গোঁড়ামি ও উন্মাদনা থেকে বাঁচাতে হবে। এ জন্য শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত শিক্ষায় শিক্ষিত করে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের হামলার কারণে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ধর্মীয় বইয়ের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকায় যদি ধর্মীয় গোঁড়ামি ও উন্মাদনা সৃষ্টির মতো কোনো বই পাওয়া যায়, সেগুলো পুলিশের কাছে জমা দেওয়া হবে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ধর্মীয় বইগুলোর মধ্যে যেসব বই উগ্রপন্থার সমর্থনে লেখা রয়েছে তা চিহ্নিত করার জন্য তালিকা চাওয়া হয়েছে।