জঙ্গিবাদ ও গুপ্তহত্যার বিরুদ্ধে সিপিবি-বাসদের বিক্ষোভ
জঙ্গি হামলা, গুপ্তহত্যা, সংখ্যালঘু নির্যাতন ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সংগঠন দুটির নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা শাখার উদ্যোগে পাগলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাগলা শাখার বাসদ নেতা এস এম কাদিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান, সিপিবি নেতা রবীন্দ্র দাস, বিমল কান্তি দাস, বাসদ ফতুল্লা আঞ্চলিক শাখার সমন্বয়ক এম এ মিল্টন, ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সিপিবি পাগলা শাখার সংগঠক নূর ইসলাম প্রমুখ।
হাফিজুল ইসলাম বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। একদিকে সরকার চরম অগণতান্ত্রিক শাসন কায়েম করেছে। দমন-পীড়নের মাধ্যমে বিরোধী মত ও পথকে দমন করছে। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সুন্দরবনের ক্ষতি হবে জেনেও ক্ষমতার স্বার্থে ভারতের কোম্পানি এনটিপিসির সঙ্গে রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুক্তি স্বাক্ষর করেছে। আরেক দিকে জঙ্গিবাদী-মৌলবাদী হামলা দেশের মানুষকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। মুক্তিযুদ্ধের মূল চেতনার বিপরীতে দেশকে পরিচালিত করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হাফিজুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় ছিল, সেসব শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় মৌলবাদের ভিত্তিভূমি তৈরি হয়েছে। দেশের অসাম্প্রদায়িক সংবিধানকে কেটে-ছিঁড়ে সাম্প্রদায়িক সংবিধানে রূপান্তরিত করা হয়েছে। যখন মুক্তমনা ব্লগার, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, বিদেশিদের হত্যা করা হয়েছে তখন সরকারের ভূমিকা যথার্থ না থাকায় পরোক্ষভাবে জঙ্গিবাদীরা প্রশ্রয় পেয়েছে। ফলে গুলশান ও শোলাকিয়ার ঘটনা ঘটতে পেরেছে। বর্তমানে সরকার যতই হইচই করুক না কেন, মৌলবাদী দলগুলোর অর্থনৈতিক ভিত্তির ওপর কোনো আঘাত করেনি। বরং হেফাজতসহ কিছু মৌলবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতাও দিয়ে যাচ্ছে।