জঙ্গিবাদ ও ধর্মভিত্তিক রাজনীতি থেকে দূরে থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সাংসদ ইকবালুর রহিম বলেছেন, ইমামরা সমাজের চালিকাশক্তি। সমাজের মানুষ ইমামদের কথা বেশি গুরুত্ব দেন। ধর্মকে ব্যবহার করে, ইসলামের অপব্যাখ্যা দিয়ে যেসব রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করছে, আলেম সমাজকে তাঁদের প্রভাব থেকে দূরে থাকতে হবে।গতকাল বুধবার দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে ইমাম সমাবেশ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি দিনাজপুরের আলেম সমাজের প্রতি ওই আহ্বান জানান। জেলার সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার এক হাজার ২০০ ইমাম ওই সমাবেশে যোগ দেন।ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার মাদ্রাসাশিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানমুখী করতে চায়। যাতে মাদ্রাসা থেকে লেখাপড়া শেষে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি, ইঞ্জিনিয়ারিংসহ দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন-ভাতা বৃদ্ধির জন্য আগামী সংসদে একটি বিল উত্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। সমাবেশে দিনাজপুর কেন্দ্রীয় ঈদ জামাত এবং হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাশমী বলেন, ইমামদের প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থা সৃষ্টি করতে হবে। মসজিদে খুতবার সময় জঙ্গিবাদ ও মাদকবিরোধী প্রচারে ইমামদের কাজ করতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শামশুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার ও সাংবাদিক মো. মতিউর রহমান।সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশন দিনাজপুরের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক। ইমাম সমাজের পক্ষে বক্তব্য দেন দিনাজপুর ইমাম প্রশিক্ষণকেন্দ্রের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক মোল্লা, মাওলানা মো. হাসিনুল ইসলাম ও মাওলানা মো. জসিম উদ্দিন।