জঙ্গিবাদ ও ধর্মান্ধ তেঁতুল তত্ত্ব রুখে দেওয়ার আহ্বান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধ তেঁতুল তত্ত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা আগামী জাতীয় নির্বাচনে মহাজোটকে বিজয়ী করতে প্রগতিশীল সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেন।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। শোকসভার শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশে গণতন্ত্র থাকবে, নাকি সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির, হেফাজত ও তেতুঁল তত্ত্বের হুজুররা থাকবে—এ নিয়ে দেশ আজ দুই ভাগে বিভক্ত। রাজনীতিসচেতন দেশবাসীর এখন আর মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। হয় গণতন্ত্রের পক্ষে আসতে হবে, তা না হলে ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির নেত্রী খালেদা জিয়ার পক্ষে যেতে হবে।’
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, জামায়াত ও হেফাজতকে পৃষ্ঠপোষকতা করছে চিহ্নিত কিছু বিদেশি শক্তি। তারা বাংলাদেশকেও পাকিস্তান-আফগানিস্তানের বলয়ে অন্তর্ভুক্ত করতে এ অর্থ জোগান দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘হেফাজতের সমাবেশের আগে খালেদা জিয়া সিঙ্গাপুরে শুধু চিকিৎসার জন্য নয়, সেখানে তিনি তেলসমৃদ্ধ একটি রাষ্ট্রের উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তারেক জিয়াও ছিলেন। তারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে ও প্রগতিবিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছে।’
প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, সমালোচনা করা মানেই কোনো ব্যক্তি বা দলকে খারাপ বলা নয়। মূলত তাকে সতর্ক করে দেওয়া বা দিকনির্দেশনা দেওয়া। তিনি বলেন, ‘এখন মনে হয় আমি যদি বঙ্গবন্ধুরও সমালোচনা করতাম তাহলে তাঁকে এত দ্রুত হারাতে হতো না। তখন বঙ্গবন্ধুর সমালোচনা না করে আমি বড় ভুল করেছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব একটি ব্যক্তি নয়, একটি বিপ্লবের নাম। এই বিপ্লবকে স্তব্ধ করে দিতেই স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল প্রতিবিপ্লব ঘটিয়েছিল। সেদিন তারা শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, গণতন্ত্রকেও হত্যা করেছিল। তিনি আরও বলেন, গুটি কয়েক ব্যক্তিকে ফাঁসি দিলেই বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হবে না। তাই মূল চক্রান্তকারীদের খুঁজে বের করতে একটি কমিশন গঠনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বক্তৃতা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের সাবেক সভাপতি হাবিবুর রহমান মিলন, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সভাপতি ওমর ফারুক, ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক বদরুল আহসান, কবি আসাদ চৌধুরী প্রমুখ। সাংবাদিক নেতাদের মধ্যে আরও বক্তৃতা করেন শাজাহান মিয়া, আলতাফ মাহমুদ, কার্তিক চ্যাটার্জি, শাহেদ চৌধুরী প্রমুখ।