জঙ্গিবাদ ও মাদক নির্মূলে আইনজীবীদের দায়িত্বশীল হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও মাদক নির্মূলে আইনজীবীদের আরও দায়িত্বশীল হতে হবে। এ বিষয়ে পেশাগতভাবে তাঁদের আরও সচেতন হতে হবে। মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা ও বার্ষিক ভোজ অনুষ্ঠানে গতকাল রোববার রাতে প্রধান অতিথি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সমিতির সভাপতি খলিলুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সুপ্রিম কোর্টের ডেপুটি জেনারেল মোতাহার হোসেন, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।

অনুষ্ঠানে আইনজীবীদের উদ্দেশে সাংসদ নাঈমুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনজীবীদের অনমনীয় হতে হবে। সাংসদের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমাদের সংবিধানে বলা আছে, একজন অপরাধী আইনজীবী নিয়োগ করার অধিকার রাখে। এ কারণে অপরাধীদের আইনজীবী হওয়াটা দোষের কিছু নয়, তবে তাঁদের শক্তভাবে পক্ষে অবস্থান নিতে হবে এমন কথাও সংবিধানে নেই। আইনজীবীরা হলেন সমাজের অভিভাবক।’

খলিলুর রহমান বলেন, ভবন-সংকটের কারণে প্রয়োজনীয় চেম্বার না থাকায় এই বারের আইনজীবীরা দীর্ঘদিন ধরে পেশাগত কাজে মারাত্মক সমস্যায় রয়েছেন। বিষয়টি নিয়ে বারের নেতারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েছেন। তবে এখনো সমস্যার সমাধান হয়নি। এ বিষয়ে আনিসুল হক বলেন, তাঁদের এ সমস্যা সমাধানে আইনজীবীদের জন্য একটি বহুতল ভবন নির্মাণ করা হবে।