জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ঘুড়ি উৎসব

নরসিংদীর বেলাবতে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা’ স্লোগানে গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার রহিমের কান্দি এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ইদানীং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে পড়ছেন তরুণেরা। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় তরুণেরা ঘুড়ি উৎসবের আয়োজন করেন। এতে পৃষ্ঠপোষকতা করেন জায়েদুল হোসেন ভূঁইয়া নামের স্থানীয় এক ব্যবসায়ী। উৎসবে স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি। তবে মুঠোফোনে তরুণদের উৎসাহ দিয়েছেন তিনি। সাবেক প্রকৌশলী ফজলুল হকের সভাপতিত্বে উৎসবে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেহ উদ্দিন খান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে স্থানীয়দের পাশাপাশি বেলাব, মনোহরদী, রায়পুরা, ভৈরব, কটিয়াদী ও কুলিয়ারচরের প্রতিযোগীরা অংশ নেন। আয়োজকদের একজন অহিদুজ্জামান বলেন, ‘তরুণদের মধ্যে যারা ভুল পথে পা বাড়িয়েছে, তাদের সবাই খারাপ না। এ ছাড়া আমাদের গ্রামাঞ্চলে এখন ইয়াবার ছোবলে তরুণসমাজ ধ্বংসের দিকে এগোচ্ছে। পথভ্রষ্ট এ তরুণদের সঠিক পথে ফিরে আসার জন্য উৎসাহ দিতেই আমাদের এ আয়োজন।’