জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে গ্রাম পুলিশ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গ্রাম পুলিশকে আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রামে কোনো অপরাধী বা জঙ্গিদের আনাগোনার খবর পেলে দ্রুত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রায় দেড় হাজার গ্রাম পুলিশ অংশ নেন।
গ্রাম পুলিশদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমাবেশে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ‘আসরের নামাজের পর কিছু মসজিদে বয়ানের নামে জঙ্গিরা একত্র হয়। এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। সেই মসজিদে কী বলা হচ্ছে, সে বিষয়ে নজর রাখতে হবে। সন্দেহ হলে পুলিশকে দ্রুত জানাবেন।’
জঙ্গিবাদ মোকাবিলায় গ্রাম পুলিশদের নিয়ে দেশে প্রথমবারের মতো এ ধরনের সমাবেশ করা হয়েছে বলে জানান আয়োজকেরা। ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ’ শীর্ষক ব্যতিক্রমী এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গিরা নিরপরাধ মানুষ খুন করছে। পবিত্র ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদ, পেট্রলবোমা এবং রগকাটার মধ্যে দিয়ে ইসলাম ধর্ম প্রসারিত হয়নি। ইসলাম ধর্ম প্রসারিত হয়েছে শান্তিপ্রিয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে। জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।
গ্রাম পুলিশদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘গ্রামে সন্দেহজনক কাউকে দেখলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। স্থানীয় কোনো মেসের বাসিন্দাদের সন্দেহজনক মনে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি কিংবা স্থানীয় চেয়ারম্যানকে জানান। আপনারা গ্রামে গ্রামে সঠিকভাবে দায়িত্ব পালন করলে জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই কোথাও হবে না।’
সমাবেশে গ্রাম পুলিশদের উদ্দেশে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ‘আপনারা চেয়ারম্যান বা অন্য কারোর ব্যক্তিগত কাজে নয়, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। আমাদের সঙ্গে তথ্য বিনিময় করলে এটা একটি বড় শক্তি হবে। প্রতিটি ঘটনা ওসিকে জানানো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনাদের ভয় দেখাতে নয়, সহযোগিতা নিতে এখানে ডেকেছি। আপনারা যথাযথ দায়িত্ব পালন করলে দেশ থেকে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করতে পারব।’