জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশের আসল রূপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে গতকাল সকালে রাঙামাটি শহরে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে গতকাল সকালে রাঙামাটি শহরে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশের আসল রূপ নয়। অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও প্রগতি মনষ্কতা বাংলাদেশের আসল রূপ। সন্ত্রাসের চেয়ে অহিংসার শক্তি বেশি। অহিংসার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। গতকাল রোববার আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। তিনটি সংগঠন উইমেন্স অ্যাকটিভ ভয়েস ইন ইলেকশনস, সাপোর্টিং পিপলস অ্যান্ড রি-বিল্ডিং কমিউনিটিস (স্পার্ক) ও হিমাওয়ান্তির উদ্যোগে এই মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল ইউকেএইড ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম।
সমাবেশে চাকমা সার্কেলের রানি য়েন য়েন বলেন, ‘অহিংসা মানে প্রতিবাদ না করা নয়। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে নারী ও সংখ্যালঘু নির্যাতন, পারিবারিক সহিংসতা বন্ধ হবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। তবে প্রতিবাদের ভাষা হবে অহিংস।’
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা বলেন, জঙ্গিবাদের কুফল সম্পর্কে তরুণ-যুবসমাজকে বোঝাতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস কোনো কিছুর ভাষা হতে পারে না। সহিংসতার চেয়ে অহিংস আন্দোলন অনেক বেশি শক্তিশালী।

রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেন, সন্ত্রাস বাংলাদেশের আসল রূপ নয়, ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় তরুণ ফারাজ যেভাবে বন্ধুদের জন্য জীবন দিয়েছেন, সেটাই বাংলাদেশের আসল রূপ। তিনি দেশ ও সমাজের প্রতি বিশ্বস্ত থাকতে তরুণদের প্রতি আহ্বান জানান।

প্রিয়াংকা তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কণিকা বড়ুয়া, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটক থেকে রাজবাড়ি এলাকার জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়।