পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী
জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যথাযথ দায়িত্ব পালন করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যথাযথ দায়িত্ব পালন করতে পুলিশ বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ঔপনিবেশিক আমলের আইনকানুন, বিধি ও কাঠামোর ব্যাপক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে ‘ফোর্স’ থেকে ‘সার্ভিসে’ রূপান্তর করা হবে। এ সময় তিনি নারী, শিশু ও দরিদ্র মানুষের প্রতি মানবিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়। পুলিশ বাহিনীর কঠোর পরিশ্রমের মাধ্যমেই এ অর্জন সম্ভব।জাতিসংঘ শান্তি মিশনে পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বিদেশে পুলিশ বাহিনীর সদস্যরা অসীম সাহসিকতা, দক্ষতা ও পেশাদারির পরিচয় দিয়েছেন। এই ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাঙালি জাতির ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।পুলিশ বাহিনীর আধুনিকায়নে নতুন প্রকল্প ও পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের উন্নয়নে ব্যাপক কর্মসূচির মধ্যে পুলিশ সদর দপ্তরে ‘অপরাধ প্রতিরোধ কেন্দ্র’ এবং ঢাকা মহানগর পুলিশের জন্য ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় শহরগুলোতে ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ’ এবং পর্যটকদের নিরাপত্তায় ‘ট্যুরিজম পুলিশ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের জনবল বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।শেখ হাসিনা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার কথা স্মরণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে পুলিশ একাডেমিতে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।এর আগে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী পুলিশ একাডেমিতে এসে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ তাঁকে স্বাগত জানান। এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৩৫ জন এবং অন্যান্য ব্যাচের তিনজনসহ মোট ১৩৮ জন সহকারী পুলিশ সুপারের এই সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।কুচকাওয়াজে প্যারেড অধিনায়ক হিসেবে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান ও সহ-অধিনায়ক হিসেবে পরিদর্শক রফিকুল ইসলাম দায়িত্ব পালন করেন। এতে শ্রেষ্ঠ অশ্বারোহী হিসেবে মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং সার্বিক নৈপুণ্যে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।