দেশবাসীকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ছাত্রছাত্রীদের জঙ্গি, মাদকাসক্তি এবং সন্ত্রাসের পথ পরিহার করতে হবে।
সভায় প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা ফরিদপুরবাসীর প্রতি আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েরা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আমরা উচ্চশিক্ষায় বৃত্তি দিচ্ছি, যাতে উন্নত শিক্ষা পেতে পারে। আমরা আধুনিক প্রযুক্তিশিক্ষা দিচ্ছি, যাতে প্রযুক্তিশিক্ষা তারা নিতে পারে। কাজেই সে শিক্ষা নিতে হবে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমগ্র জনগণকে রুখে দাঁড়াতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ওলামা-মাশায়েখ, বিভিন্ন পেশাজীবী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনসহ সবার কাছে আমার এই আহ্বান থাকবে—একটা ছেলেমেয়েও যেন ওই সন্ত্রাস-জঙ্গিবাদ এবং মাদকের পথে না যায়।’

প্রধানমন্ত্রী স্কুল-কলেজের ছেলেমেয়েদের অনুপস্থিতির হিসাব নেওয়া, নিজের ছেলেমেয়ে কার সঙ্গে মেশে, এসব খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই এলাকায় যখনই আপনারা নৌকায় ভোট দিয়েছেন, তখনই আপনাদের উন্নতি হয়েছে। কাজেই আমি আপনাদের কাছে ওয়াদা চাই—আগামী নির্বাচন সামনে, ২০১৯ সালে নির্বাচন হবে।...সেই নির্বাচনে আমাদের উন্নয়নের কাজ যেন অব্যাহত রাখতে পারি, তার জন্য নৌকা মার্কায় আপনাদের ভোট চাই।’
২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত ফরিদপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালেও বিএনপি বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। আন্দোলনের নামে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকার সময় সার চাইতে গেলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা জনসভায় সভাপতিত্ব করেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুর রহমান সভা পরিচালনা করেন। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ। সভায় প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতুকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফরিদপুর জেলা শহর ও সমাবেশস্থল উৎসবের নগরে পরিণত হয়। তোরণ, রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতির পিতা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন রকম প্রতিকৃতিতে সাজানো হয় পুরো শহর ও সমাবেশ এলাকা।
বেয়াই বাড়িতে পারিবারিক আবহে
ফরিদপুর অফিস জানায়, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ঘণ্টা বেয়াই বাড়িতে অবস্থান করেন। সেখানে তিনি জোহরের নামাজ পড়েন এবং দুপুরের খাবার খান। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী তাঁর বেয়াই এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বদরপুরের বাড়ি আফসানা মঞ্জিলে যান। বিকেলে সেখান থেকে জনসভার উদ্দেশে রওনা হন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাশরুর হোসেনের স্ত্রী।
৩১ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গতকাল শহরের সরকারি রাজেন্দ্র কলেজমাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে আছে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণ, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, শিশু একাডেমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি। উদ্বোধন হওয়া ২০টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ৩৮ কোটি টাকা।
ডব্লিউএইচওর আশ্বাস
বাংলাদেশ থেকে তিনটি প্রধান ব্যাধি এইচআইভি/এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুনম ক্ষেত্রপাল বাংলাদেশের স্বাস্থ্য খাত বিশেষ করে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।